বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ডিগ্রিধারী শিক্ষানবিশ আইনজীবীরা বার কাউন্সিলে রেজিস্ট্রেশন করতে নির্ধারিত পরীক্ষায় অংশ গ্রহণের সুযোগ চেয়েছেন। শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে শিক্ষানবিশ আইনজীবীদের সংগঠন ‘অধিকার বঞ্চিত শিক্ষানবিশ আইনজীবী ফোরাম’ এ দাবি জানায়।
ঢাকাসহ বিভিন্ন জেলা থেকে আসা প্রায় তিন শতাধিক শিক্ষানবিশ আইনজীবী তাদের দাবি সম্বলিত ব্যানার-ফেস্টুন নিয়ে মানববন্ধনে অংশ নেয়। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দেয় শিক্ষানবিশ আইনজীবীদের সংগঠনটি।
মানববন্ধনে অধিকার বঞ্চিত শিক্ষানবিশ আইনজীবী ফোরামের আহ্বায়ক রামচন্দ্র দাস বলেন, “দারুল ইহসানের মামলাকে কেন্দ্র করে ২০১৪ সালের ১৩ নভেম্বরের সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশ বার কাউন্সিল এক নোটিশের মাধ্যমে প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে পাস করা এলএলবি ডিগ্রিধারীদের বার কাউন্সিলের অ্যাভোটকেট অন্তর্ভুক্তির পরীক্ষায় রেজিস্ট্রেশন স্থগিত করে দেয়। যদিও বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে কয়েক হাজার দুই বছর মেয়াদী এলএলবি ডিগ্রিধারীরা বার কাউন্সিলে ‘অন্তর্ভুক্তি পরীক্ষায়’ পাস করে অ্যাডভোকেট হিসেবে দক্ষতা ও সুনামের সাথে আইন পেশা পরিচালনা করেছেন।”
তিনি আরও বলেন, ‘দারুল ইহসানের মামলার আপিলের শুনানিতে ৪০ বছরের বেশি বয়সীদের অ্যাডভোকেট হিসেবে অন্তর্ভুক্তি না করার পক্ষে মতামত উঠে আসে। কিন্তু ইংল্যান্ডসহ কমন ল লিগেল সিস্টেম অনুসরণকারী কোনও দেশেই আইন পেশায় প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা নেই।’
দাবি আদায়ের জন্য আগামী সপ্তাহে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির নিকট স্বারকলিপি দেওয়া হবে বলেও জানান রাম চন্দ্র দাস। মানববন্ধনে আরও বক্তব্য রাখেন, ফোরামের সদস্য সচিব হেলালী আজম, যুগ্ম সদস্য সচিব তাসনৌফা মালেক, সাংগঠনিক সম্পাদক হেলেনা খাতুন, প্রচার সম্পাদক আমানাতুল্লাহ প্রমুখ।
/আরএআর/এমও/








