গণহত্যা দিবস পালনে রাজধানীর শিক্ষা প্রতিষ্ঠানে ছিল না গাইডলাইন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ মার্চ ২০১৭, ০৫:০৮আপডেট : ২৬ মার্চ ২০১৭, ০৫:০৮

গণহত্যা দিবস পালনে রাজধানীর শিক্ষা প্রতিষ্ঠানে ছিল না গাইডলাইন

স্বাধীনতার ৪৫ বছর পর ২৫ মার্চ গণহত্যা দিবস স্বীকৃতির পর প্রথমবারের মতো তা পালনে সুনির্দিষ্ট গাইড লাইন দেওয়া হয়নি দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে। আর সে কারণে ঠিকমতো দিবসটি পালন হয়নি রাজধানীর শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে। তবে মন্ত্রিপরিষদ বিভাগের পরিপত্রে দিবসটি ‘ক‘ ক্রমিকে অন্তর্ভুক্ত অন্যান্য জাতীয় দিবসের মতো অনেকেই পালন করেছে। শিক্ষাবিদ, বিশেষজ্ঞ, অভিভাবক ও শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা মনে করেন প্রথমবারের মতো দিবসটি পালনে সুনির্দিষ্ট একটি গাইডলাইন প্রয়োজন ছিল।

‘ক’ ক্রমিকভুক্ত জাতীয় দিবস পালনের নিয়ম অনুযায়ী এ দিবসে শিক্ষা প্রতিষ্ঠান খোলা রেখে কর্মসূচি পালনের কথা। শিক্ষার্থীদের ক্লাস না করিয়ে দিবসের বিভিন্ন কর্মসূচিতে যুক্ত করা এবং দিবসের গুরুত্ব তুলে ধরে আলোচনা অনুষ্ঠানসহ অন্যান্য অনুষ্ঠানের আয়োজন করা।

এসব বিষয়ে শিক্ষাবিদ রাশেদা কে চৌধুরী বলেন, দিবসটি পালনের জন্য নির্দিষ্ট গাইড লাইন দরকার ছিল। প্রথমবার এবং কম সময়ের কারণে হয়তো সেভাবে কর্মসূচি নিয়ে দিবসটি পালন করা হয়নি। সরকারিভাবে স্বীকৃতির পর দু-একটি শিক্ষা প্রতিষ্ঠান আলাদাভাবে দিবসটিকে পালন করেছে, এটি খুবই প্রশংসার। আশা করছি পরবর্তীতে গাইডলাইন দিলে বিস্তারিত কর্মসূচি নিতে পারবে শিক্ষা প্রতিষ্ঠানগুলো।

রাজধানীর বিভিন্ন এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে, রাজধানীর প্রাথমিক ও মাধ্যমিক স্কুলগুলো খোলা ছিল। প্রাথমিকের সব স্কুলই ক্লাস করিয়েছে। কোনও কোনও স্কুলে প্রথম ক্লাসে ২৫ মার্চ গণহত্যা দিবস তা ছাত্র-ছাত্রীদের জানানো হয়েছে। মাধ্যমিকেও গুরুত্বের সঙ্গে দিবসটি পালন করা হয়নি। কোনও শিক্ষা প্রতিষ্ঠান ক্লাস বন্ধ করে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণমান্য লোকজন নিয়ে আলোচনা সভার আয়োজন করেছে। তবে বেশিরভাগ প্রতিষ্ঠানই কোনও ধরণের আয়োজন করেনি।

রাজধানীর নামিদামি স্কুলগুলোতেও দিবসটি প্রথমবারের মতো পালনে আলাদাভাবে কোনও গুরুত্ব দেওয়া হয়নি। মতিঝিল আইডিয়াল বছরের এই সময় (প্রথম ছয় মাস) শুক্র ও শনিবার বন্ধ থাকে। সে কারণে এই দিবসটিতে বিদ্যালয় বন্ধ ছিল। রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল এন্ড কলেজের অভিভাবক ফোরামের সভাপতি মো. শহীদুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মতিঝিল আইডিয়াল স্কুলিএন্ড কলেজে এ সময় শুক্রবার ও শনিবার বন্ধ থাকে। গণহত্যা দিবস স্বীকৃতির পর প্রথমবারের মতো এদিন স্কুল খোলা রেখে দিবসটি পালন করা উচিত ছিল। অন্যান্য স্কুলগুলোতেও বিশেষভাবে দিনটি পালন করা হয়নি।’

এসব বিষয়ে জানতে চাইলে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের পরিচালক  প্রফেসর মো. এলিয়াছ হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কেন্দ্রীয়ভাবে একটি নির্দেশনা দেওয়া হয়েছে। আর রাজধানীর জন্য একটি নির্দেশনা দেওয়া হয়েছে। প্রথমবারের জন্য দিবসটি পালনে কোনও গাইড লাইন দেওয়া হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, কালকেই অর্ডার করা হয়েছে। যে কারণে অনেক জায়গায় পৌঁছেনি।’ তবে সুনির্দিষ্ট গাইড লাইনের বিষয়ে কোনও কথা বলেননি এই কর্মকর্তা।

এদিকে মোহাম্মদপুরের বরাব সরকারি প্রাথমিক বিদ্যালয়, মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, জাফরাদাবদ সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ কয়েকটি বিদ্যালয়ে গিয়ে দেখা গেছে, পুরো ক্লাস নেওয়া হচ্ছে। শুধু প্রথম ক্লাসে বলে দেওয়া হয়েছে ‘আজ ২৫ মার্চ গণহত্যা দিবস’। অন্য কোনো ধরণের কর্মসূচি ছিল না। রাজধানীর অন্য শিক্ষা প্রতিষ্ঠানেও একই চিত্র ছিল।

এসব বিষয়ের প্রেক্ষিতে জানতে চাইলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নজরুল ইসলাম খান বাংলা ট্রিবিউনকে বলেন, মন্ত্রিপরিষদের নির্দেশনা অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে দিবস পালনের নির্দেশনা দিয়েছি। আজ প্রাথমিক বিদ্যালয় খোলা রয়েছে। অন্যান্য জাতীয় দিবসের মতোই দিবসটি পালন করার কথা।

সেগুনবাগিচা হাইস্কুলের প্রধান শিক্ষক একেএম ওবায়দুল্লাহ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমাদের সুনির্দিষ্ট গাইড লাইন বা নির্দেশনা দেওয়া হয়নি। অন্যান্য জাতীয় দিবসের মতো ক্লাস বন্ধ রেখে আলোচনা সভা করেছি। অন্য কোনও নির্দেশনা না থাকায় আমরা অন্য কিছু করিনি।’

সরকারি সিদ্ধান্তের পর গত ২১ মার্চ মন্ত্রিপরিষদ বিভাগ থেকে দিবসটি জাতীয় ও আন্তর্জাতিকভাবে পালনে ‘ক’ ক্রমিকভুক্ত করে পরিপত্র জারি করা হয়।

এসএমএ/এমএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের