রাজধানীর কাফরুলে সাথী বেগম (২৬) নামের এক গৃহবধূকে শনিবার (৮ এপ্রিল) বালিশচাপা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে। তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
কাফরুল থানার উপ-পরিদর্শক (এসআই) জাহিদ হোসেন বাংলা ট্রিবিউনকে জানান, উত্তর ইব্রাহিমপুরের ৩৬৯/১ আলী আহমেদ রোডের একটি টিনশেড বাসা থেকে শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে সাথী বেগমের বালিশচাপা দেওয়া মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, স্বামী বিল্লাল বালিশচাপা দিয়ে তাকে হত্যা করে পালিয়েছে।
এদিকে প্রতিবেশী ফাতেমা বেগম বাংলা ট্রিবিউনকে জানান, গত ১২ মার্চ সাথী বেগম ও তার স্বামী এখানে বাসা ভাড়া নেন। স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই কলহ হতো। তাদের ধারণা, শনিবার সকালে ঝগড়ার জের ধরে সাথীকে বালিশচাপা দিয়ে হত্যার পর পালিয়ে যায় বিল্লাল।
বাসার ভেতর লাশ পড়ে থাকতে দেখে কাফরুল থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। সাথী বেগম হলেন শরীয়তপুরের নড়িয়া উপজেলার চামটা গ্রামের আবু তাহের মালের মেয়ে।
/এআইবি/জেএইচ/








