চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদের নির্বাচন স্থগিত করেছেন হাইকোর্ট। একইসঙ্গে নতুন গেজেটে পুনরায় তফসিল ঘোষণা না করে ভোটগ্রহণের সিদ্ধান্ত কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুলও জারি করা হয়েছে। বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. আতাউর রহমান খানের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ মুজিবুর রহমান। তিনি সাংবাদিকদের বলেন, ‘প্রতি বছর ৩০ জানুয়ারি ভোটার তালিকা হালনাগাদ করা হয়। বাঁশখালীতে গত বছর জুনে নির্বাচন স্থগিত করা হয়েছিল। চলতি বছরের এপ্রিলে সেসব ইউনিয়নে পুনরায় ভোটগ্রহণের তারিখ দেওয়া হয়েছে। তাই চলতি বছর হালনাগাদকৃত ভোটার তালিকায় যারা অন্তর্ভুক্ত হয়েছেন, তারা ভোটে অংশ নেওয়ার সুযোগ থেকে বঞ্চিত হবেন। এ কারণে নতুন গেজেটের মাধ্যমে পুনরায় তফসিল ঘোষণার জন্য আমরা আবেদন করেছিলাম। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত নির্বাচন স্থগিত করে রুল জারি করেছেন।’
/এমটি/ইউআই/








