দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপ উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপ আকারে পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও সংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর অঞ্চলে অবস্থান করছে। শনিবার (১৫ এপ্রিল) সন্ধা সাড়ে ৭টায় আবহাওয়া অধিদফতর থেকে পাঠানো বিশেষ সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নিম্নচাপটি চট্রগ্রাম সমুদ্র বন্দর থেকে নয়শ ২৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্র বন্দর থেকে আটশ ৫০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পশ্চিমে, মংলা সমুদ্র বন্দর থেকে নয়শ ৩০ কিলোমিটার দক্ষিণে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে আটশ ৮০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল।
নিম্নচাপটি আরও ঘনীভূত হয়ে উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হতে পারে উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, গভীর নিম্নচাপটির কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার, যা দমকা বা ঝড়ো হাওয়ার আকারে ৬০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।
এদিকে গভীর নিম্নচাপ কেন্দ্রের কাছাকাছি এলাকায় সাগর খুবই উত্তাল রয়েছে। এজন্য দেশের ৪টি সমুদ্রবন্দরকে আবহাওয়া অধিদফতরের পক্ষ থেকে ১নং পুনঃ ১নং দূরবর্তী সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
এছাড়া, উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার সব নৌকা ও ট্রলারকে গভীর সাগরে বিচরণ না করারও পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদফতর। বাসস।
/টিআর/








