তথ্য, যোগাযোগ ও প্রযুক্তি (আইসিটি) আইনে দায়ের করা মামলায় জামিন পেলেন নতুন সময় ডটকমের নির্বাহী সম্পাদক আহমেদ রাজু। বুধবার (৩ মে) দুপুরে ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ আহসান হাবীব রমনা থানায় দায়ের করা মামলায় তার জামিন মঞ্জুর করেন।
আদালতের সংশ্লিষ্ট সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপ-পরিদর্শক মো. মোজাম্মেল হোসেন বাংলা ট্রিবিউনকে জানান, আসামি পক্ষের আইনজীবী ও বাদী পক্ষের আইনজীবী আপসনামা আদালতে দাখিল করেন। এর পরিপ্রেক্ষিতে আপস শর্তে আদালত আহমেদ রাজুর জামিন মঞ্জুর করেন। এ সময় আদালতে হাজির ছিলেন মামলার বাদী। আসামি পক্ষের আইনজীবী তরিকুল ইসলাম শুনানি করেন।
প্রসঙ্গত, রমনা থানায় গত ১ মে আহমেদ রাজুর বিরুদ্ধে আইসিটি আইনে মামলা হয়। তবে জামিন পেলেও আহমেদ রাজু এখন পল্টন থানায় রিমান্ডে আছেন। কারণ ওই থানায় তার বিরুদ্ধে চাঁদাবাজির মামলা রয়েছে।
ওয়ালটন গ্রুপের পণ্য নিয়ে উদ্দেশ্যমূলক নিউজ করা এবং এতে প্রতিষ্ঠানটির সুনাম ক্ষুণ্নের অভিযোগ এনে আহমেদ রাজুর বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইন ও চাঁদাবাজির মামলা করা হয়।
নতুন সময় ডটকমের জ্যেষ্ঠ প্রতিবেদক ইমরান আলী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা আশা করছি, সব মামলায় আহমেদ রাজুর জামিন হবে এবং তাকে আজকের (বুধবার) মধ্যেই মুক্ত করা যাবে। তার বিরুদ্ধে থাকা মামলাগুলো শিগগিরই ওয়ালটন কর্তৃপক্ষ প্রত্যাহার করে নেবেন বলেও আশা আমাদের।’
/এসআইটি/এআরআর/জেএইচ/








