নতুন সময় ডটকমের নির্বাহী সম্পাদক আহমেদ রাজু তার বিরুদ্ধে দায়ের হওয়া দুটি মামলাতেই জামিন পেয়েছেন। বুধবার তথ্য, যোগাযোগ ও প্রযুক্তি (আইসিটি) আইনে দায়ের করা মামলায় জামিন পাওয়ার কিছুক্ষণ পরই পল্টন থানায় দায়ের করা চাঁদাবাজির মামলায়ও তিনি জামিন পান। ফলে এখন তার মুক্তিতে আর কোনও বাধা নেই।
বুধবার (৩ মে) দুপুরে ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ আহসান হাবীব রমনা থানায় দায়ের করা আইসিটি মামলায় রাজুর জামিন মঞ্জুর করেন। এরপর বিকাল ৪টার দিকে ঢাকার মহানগর হাকিম মো. রায়হান উল ইসলাম পল্টন থানায় দায়ের হওয়া চাঁদাবাজির মামলায়ও রাজুর জামিন মঞ্জুর করেন।
আহমেদ রাজুর আইনজীবী মো. তরিকুল ইসলাম জানান, বাদী পক্ষের সঙ্গে সমঝোতার ভিত্তিতে দুটি মামলাতেই জামিন পেয়েছেন রাজু।
প্রসঙ্গত, রমনা থানায় গত ১ মে আহমেদ রাজুর বিরুদ্ধে আইসিটি আইনে মামলা হয়। মঙ্গলবার পল্টন থানায় দায়ের করা চাঁদাবজির মামলায় তাকে একদিনের রিমান্ডে নেওয়া হয়।
ওয়ালটন গ্রুপের পণ্য নিয়ে ‘উদ্দেশ্যমূলক নিউজ করা’ এবং এতে প্রতিষ্ঠানটির সুনাম ক্ষুণ্নের অভিযোগ এনে আহমেদ রাজুর বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে ও চাঁদাবাজির মামলা করা হয়।
নতুন সময় ডটকমের জ্যেষ্ঠ প্রতিবেদক ইমরান আলী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা আশা করছি, আজকের (বুধবার) মধ্যেই আহমেদ রাজুকে মুক্ত করা যাবে। তার বিরুদ্ধে থাকা মামলাগুলো শিগগিরই ওয়ালটন কর্তৃপক্ষ প্রত্যাহার করে নেবেন বলেও আশা আমাদের।’
/এসআইটি/এআরআর/এফএস/
আরও পড়ুন-
ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে মুক্তভাবে কথা বলার সুযোগ থাকবে: আইনমন্ত্রী








