দেশে এই সব শিক্ষা প্রতিষ্ঠানে বাধ্যতামূলকভাবে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী পালনের নির্দেশ দিয়েছে সরকার। শিক্ষা মন্ত্রণালয়ের এ সংক্রান্ত্র নির্দেশনা বৃহস্পতিবার (৪ মে) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি) থেকে প্রকাশ করা হয়।
এর আগে দেশের সব পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান কমবেশি এই দুই কবির জন্মবার্ষিকী নিজেদের মতো করে পালন করলেও তাতে বাধ্যবাধকতা ছিল না। তবে দেশের মাদ্রাসাগুলোর বিরুদ্ধে অভিযোগ ছিল, রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী পালনে আগ্রহ দেখায় না মাদ্রাসাগুলো। এবার প্রাথমিক বিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সব শিক্ষা প্রতিষ্ঠানে এই দুই কবির জন্মবার্ষিকী পালনের বাধ্যবাধকতা আরোপ করা হলো।
শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা আদেশে বলা হয়, সংস্কৃতি-বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে গত ৯ এপ্রিল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উদযাপন সংক্রান্ত জাতীয় কমিটির সভায় এই কর্মসূচির সিদ্ধান্ত নেওয়া হয়।
নির্দেশনায় আরও বলা হয়, আগামী ২৫ বৈশাখ (৮ মে) বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৬তম জন্মবার্ষিকী ও ১১ জৈষ্ঠ্য (২৫ মে) জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৮তম জন্মবার্ষিকী দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা অনুষ্ঠান, রচনা ও আবৃত্তি প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে জন্মবার্ষিকী আবশ্যিকভাবে পালন করতে হবে।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বিভাগ, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রয়োজনীয় নির্দেশনা জারি করে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে জন্মবার্ষিকী উদযাপনের বিষয়টি নিশ্চিত করবে।
বিশ্ববিদ্যালয়গুলোতে জন্মবার্ষিকী পালন নিশ্চিত করতে জাতীয় কমিটির নেওয়া কর্মসূচির বিষয়টি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান ও সচিবকেও অবহিত করা হয়।
/এসএমএ/এমএনএইচ/








