রাজধানীর মালিবাগ রেলগেট এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে মো. রায়হান (২৭) নামে এক দোকান কর্মচারী গুরুতর আহত হয়েছেন। এসময় ছিনতাইকারী ওই দোকান কর্মচারীর কাছে থাকা ৩ হাজার টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে। আহত রায়হান ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি আছেন। মঙ্গলবার (৯ মে) দিবাগত রাত পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া।
জানা গেছে, রায়হান মালিবাগের সুরের ভবন দোকানের কর্মচারী। দোকানটির মালিক মো. শাহাদাত। মঙ্গলবার দোকান বন্ধ করে রাত পৌনে ১২ টার দিকে রামপুরার বন্ধু আকতারের সঙ্গে বাসায় ফিরছিলেন রায়হান। এসময় আকতার মোবাইলে কথা বলছিলেন এবং রায়হানের কাছ থেকে কিছুটা পিছিয়ে ছিলেন। পথে মালিবাগ রেলগেট এলাকায় ২/৩ জন ছিনতাইকারী পথরোধ করে রায়হানকে ছুরিকাঘাত করে। এসময় তার কাছে থাকা ৩ হাজার টাকা ও মোবাইল নিয়ে পালিয়ে যায় তারা।
আকতার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমি মোবাইলে কথা বলছিলাম এবং রায়হান খানিকটা এগিয়ে গিয়েছিল। রেলগেট এলাকায় যাওয়ার পর আমার পাশে ওকে না দেখতে পেয়ে সামনে তাকিয়ে ওকে (রায়হান) রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখি। পরে ওকে উদ্ধার করে রাত সাড়ে ১২টার দিকে ঢাকা মেডিক্যালে ভর্তি করি।’
এসআই বাচ্চু মিয়া বলেন, রায়হানকে গুরুতর আহত অবস্থায় ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা এখনও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
/টিআর/








