সাফল্যের সঙ্গে পথ চলার ১০ বছর পূর্ণ করল জাগো ফাউন্ডেশন। সব শিশুর জন্য শিক্ষার সুযোগ সৃষ্টির লক্ষ্যে ২০০৭ সালে জাগো ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন করভী রাখসান্দ। প্রতিষ্ঠার পর থেকে সুবিধাবঞ্চিত শিশুদেরকে বিনামূল্যে শিক্ষাদান করার পাশাপাশি অনগ্রসর এলাকায় অবকাঠামো ও শিশুদের শিক্ষা উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে সংস্থাটি। সংস্থাটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাগো ফাউন্ডেশনের অধীনে আড়াই হাজার সুবিধাবঞ্চিত শিশু দেশের প্রত্যন্ত অঞ্চলের ১৩টি স্কুলে পড়াশোনা করছে। টেকনাফ ও বান্দরবনসহ ১০টি অনলাইন স্কুলের মাধ্যমে দক্ষ শিক্ষকদের কাছ থেকে শিক্ষা পাচ্ছে শিশুরা।
এসব স্কুলে প্রতি ১৪ জন শিশুর জন্য একজন করে শিক্ষক আছেন। শিশুদের মধ্যে ৫১ শতাংশ মেয়ে শিশু। তাদের প্রতি মাসে স্বাস্থ্য পরীক্ষা, পুষ্টিকর খাবার ও পরিচ্ছনতার বিষয়টিতে নজর দেয় জাগো ফাউন্ডেশন। বর্তমানে ৩২ টি জেলায় সংস্থাটির ২৫ হাজার সেচ্ছাসেবক জাগো ফাউন্ডেশনের জন্য কাজ করছে।
জাগো ফাউন্ডেশনের ১০ বছর পূর্তি উপলক্ষে করভী রাখসান্দ বলেন, জাগোর ১০ বছর পূর্ণ হল। আমরা এখন আরও আত্মবিশ্বাসী, সুগঠিত ও উদ্যোগী। আমরা মনে করি, জাগো এমন জায়গায় আসতে পেরেছে যেখান থেকে প্রত্যন্ত অঞ্চলে টেকসই শিক্ষা দেওয়া সম্ভব।
/এসএনএইচ/








