বহুল আলোচিত বিডিআর হত্যা মামলায় নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে এবং আসামিদের সাজাবৃদ্ধি চেয়ে করা রাষ্ট্রপক্ষের তিনটি আবেদন খারিজ করে দিয়েছে আপিল বিভাগ।
মঙ্গলবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে তিন সদস্যের আপিল বিভাগ রাষ্ট্রপক্ষের করা আপিল খারিজ করে দেন।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও জাহিদ সরোয়ার কাজল।
রাষ্ট্রপক্ষ বিলম্বে আপিল করার যথাযথ যুক্তি দেখাতে না পারায় গত ১৩ এপ্রিল বিচারপতি মো. শওকত হোসেনের নেতৃত্বে তিন সদস্যের বিশেষ (বৃহত্তর) বেঞ্চ সরকারের তিন আপিল খারিজ করে দেন। হাইকোর্টের এই খারিজাদেশের বিরুদ্ধে আপিল করে রাষ্ট্রপক্ষ। আজ শুনানি নিয়ে রাষ্ট্রপক্ষের ওই আপিলও খারিজ করে দেয় আপিল বিভাগ।
এ মামলায় নিম্ন আদালত ১৫২ জনকে মৃত্যুদণ্ড, ১৬১ জনকে যাবজ্জীবন, ২৫৮ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং ২৭৭ জনকে খালাস দেয়। এদের মধ্যে ১৫ জন ইতোমধ্যে মারা গেছেন। নিয়ম অনুযায়ী ফাঁসির রায় অনুমোদনের জন্য নিম্ন আদালত থেকে হাইকোর্টে ডেথ রেফারেন্স পাঠানো হয়। এছাড়া একশ’ ৩৭ জন ফাঁসির আসামি আপিল করে। যাবজ্জীবন সাজাপ্রাপ্তদের মধ্যে সবাই আপিল করলেও রাষ্ট্রপক্ষ শুরুতে কোনও আপিল করেনি। কিন্তু বিচারের শেষ পর্যায়ে এসে তিনটি আপিল দায়ের করে রাষ্ট্রপক্ষ।
২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি ও ২৬ ফেব্রুয়ারি রাজধানীতে তৎকালীন বিডিআর (বর্তমানে বিজিবি) সদর দফতরে সংঘটিত ট্রাজেডিতে ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জন নিহত হন।
/এমটি/টিএন/








