রাঙ্গামাটিতে পাহাড় ধসের পর উদ্ধার কাজের সময় নিহত দুই সেনা কর্মকর্তা ও দুই সদস্যের জানাজা সম্পন্ন হয়েছে। বুধবার (১৪ জুন) বাদ জোহর ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে তাদের জানাজা অনুষ্ঠিত হয়।পরে দুই সৈনিকের লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়। আর নিহত দুই সেনা কর্মকর্তার লাশ সম্মিলিত সামরিক হাসপাতালের মরচুয়ারিতে রাখা হয়েছে । শুক্রবার সকালে বনানী কবরস্থানে তাদের দাফন করা হবে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) সূত্রে এসব তথ্য জানা গেছে।
আইএসপিআর জানায়, মঙ্গলবার (১৩ জুন) রাঙামাটির মানিকছড়িতে পাহাড় ধসে চট্টগ্রাম-রাঙ্গামাটি সড়ক বন্ধ হয়ে যায়। খবর পেয়ে মানিকছড়ি আর্মি ক্যাম্প থেকে একদল সেনা সদস্য ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে। সকাল ১১টার দিকে উদ্ধার কাজ চলাকালে আবারও ধস হলে দুই সেনা কর্মকর্তা মেজর মাহফুজুল হক, ক্যাপ্টেন তানভীর হাসান শান্ত এবং দুই সেনা সদস্য করপোরাল আজিজুল হক ও শাহীন আলম নিহত হন। বুধবার সকাল ১১টার দিকে হেলিকপ্টারে করে নিহত সেনা কর্মকর্তা ও সদস্যদের লাশ ঢাকায় আনা হয়।
উল্লেখ্য, গত কয়েক দিনের টানা বর্ষণে পার্বত্য জেলা রাঙামাটি, বান্দরবান, চট্টগ্রাম ও কক্সবাজারে পাহাড় ধসে কমপক্ষে ১৪৬ জন নিহত হয়েছেন। এর মধ্যে রাঙামাটিতে সেনা কর্মকর্তাসহ ১০৫ জন, বান্দরবানে ৯ জন এবং চট্টগ্রামে ৩০ জন মারা গেছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কারণ এখনও মাটির নিচে অনেকে চাপা পড়ে আছেন। কক্সবাজারে পাহাড় ধসের কারণে দেয়াল ধসে দুজনের মৃত্যু হয়েছে। সোমবার (১২ জুন) মধ্যরাতে থেকে মঙ্গলবার (১৩ জুন) রাত পর্যন্ত প্রাণহানির এ ঘটনা ঘটে।
/এনএল/ এপিএইচ/








