রাজধানীর সড়কে ধীরে ধীরে ভিড় বাড়ছে। রাস্তায় গাড়ির সংখ্যা গত কয়েকদিনের তুলনায় ছিল বেশি। আর এসব যানবাহনে যাত্রীর সংখ্যা আগের তুলনায় বেশি দেখা গেছে। ঈদের ছুটির সঙ্গে যারা আরও দু’দিন যোগ করতে পেরেছিলেন, তারা সঙ্গে ‘ফ্রি’ পেয়েছেন শুক্র ও শনিবারও। ঈদের পর সাপ্তাহিক এ ছুটি শেষে রবিবার (২ জুলাই) থেকে শুরু হবে ঢাকার কর্মচাঞ্চল্য। ফিরে আসবে সেই চিরচেনা পুরনো রূপ। আর সেই চিরচেনা রূপে রাজধানীকে ফিরিয়ে আনতেই ঈদফেরত মানুষের ভিড় বাড়ছে রাজধানীর বাস টার্মিনালগুলোতে। শনিবার (১ জুলাই) রাজধানীর গাবতলী ও কল্যাণপুরে গিয়ে দেখা যায় সেই চিত্রই।
রাজধানীর বাস টার্মিনালগুলো ঘুরে দেখা গেছে, দীর্ঘ ছুটি কাটিয়ে ঢাকায় ফিরছেন কর্মজীবী মানুষজন। সবার হাতেই বড় বড় ব্যাগ। কারও কারও সঙ্গে ভারি বস্তা, তাতে গ্রামের বাড়ি থেকে আনা তরতাজা মৌসুমি ফলমূল। প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে ছুটি কাটিয়ে জীবিকার টানে কর্মজীবী মানুষেরা ফিরে আসছেন রাজধানীতে। আর অনেকেই ঈদের ছুটিতে বাড়ি যাওয়ার পথে যেমন যানজটের কবলে পড়েছেন, ফিরতে পথেও সেই ভোগান্তিতে পড়তে হয়েছে অনেককেই।
ঠাকুরগাঁও থেকে সপরিবারে ঈদের ছুটি কাটিয়ে এসেছেন ব্যাংক কর্মকর্তা মোতাহার হোসেন। তিনি বাংলা ট্রিবিউিনকে বলেন, ‘কাল (রবিবার) থেকে অফিস শুরু, তাই চলে আসতে হলো। শুক্রবার সন্ধ্যা ৭টায় বাসে উঠেছি আর আজকে দুপুর ১২টায় এসে পৌঁছলাম। রাস্তায় অনেক যানজট ছিল।’
পঞ্চগড় থেকে আসা মো. সোহেল বলেন, ‘রাস্তায় অনেক জ্যাম। আমাদের অনেক ভোগান্তিতে পড়তে হয়েছে। তবে গ্রামে ঠিকমতো ঈদ করে ফিরতে পেরেছি— এটাই তৃপ্তি।’
গাবতলীর হানিফ বাস কাউন্টারের এক কর্মী বলেন, ‘কোনও গাড়ি ঢাকায় এসে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই আমরা সেটিকে ফিরতি ট্রিপে পাঠিয়ে দিচ্ছি। আমরা সাধ্যমতো চেষ্টা করছি যাত্রীসেবা নিশ্চিত করতে। কিন্তু রাস্তার জ্যামের ওপর তো আমাদের নিয়ন্ত্রণ নেই।’
গাবতলীতে কর্তব্যরত দারুস সালাম জোনের ট্রাফিক সার্জেন্ট মঞ্জুরুল বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ঈদের ছুটি কাটিয়ে মানুষজন ঢাকা ফিরছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক। ট্রাফিক নিয়ন্ত্রণও ঠিকমতো চলছে। অপ্রীতিকর কোনও ঘটনা ঘটেনি। বিভিন্ন স্থানে আমাদের চেকপোস্ট রয়েছে। কোথাও কোনও যাত্রী হয়রানি হচ্ছে কিনা, এই বিষয়েও তদারকি চলছে।’
ঢাকায় ফেরার পাশাপাশি উল্টো চিত্রও আছে। ভিড় আর টিকিট পাওয়ার ঝামেলায় ঈদের আগে যারা পরিবার নিয়ে গ্রামের বাড়িতে যাননি, তারা এখন ঈদপরবর্তী ছুটি কাটাতে ঢাকা ছাড়ছেন। তাদেরই একজন ইব্রাহীম মোল্লা। তিনি বললেন, ‘গাইবান্ধা যাচ্ছি। ঈদের সময় তো অনেক ঝামেলা থাকে, তাই এখন বাড়ি যাচ্ছি।’
/এমটি/এএম/টিআর/আপ-এনআই








