রাজধানীর মিরপুর এলাকায় গৃহকর্মী নির্যাতনের অভিযোগে এক গৃহকর্ত্রীর বিরুদ্ধে মামলা হয়েছে বলে জানিয়েছেন পল্লবী থানার এসআই আসিফ ইকবাল। তিনি জানান, রবিবার (০২ জুলাই) সন্ধ্যায় নির্যাতিত গৃহকর্মী সাবিনা আক্তার (১১)বাদী হয়ে পল্লবী থানায় গৃহকর্ত্রী আয়েশা লতিফের বিরুদ্ধে মামলা করে।
এসআই আসিফ ইকবাল বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বাদী সাবিনা আক্তারের বাড়ি টাঙ্গাইলে। ছয় মাস ধরে সে মিরপুর এলাকার একটি বাসায় কাজ করছিল সাবিনা।’
গৃহকর্মী সাবিনার অভিযোগের বরাত দিয়ে এসআই আসিফ ইকবাল বলেন, ‘আয়েশা লতিফ সাবিনাকে প্রায়ই মারধর করতেন। আজকে (রবিবার) মারধরের এক পর্যায়ে তাকে বাসা থেকে বের করে দেন তিনি। পরে রাস্তায় কান্নারত অবস্থায় দেখতে পেয়ে স্থানীয় লোকজন তাকে পল্লবী থানায় নিয়ে আসে।’
এসআই আসিফ বলেন, ‘মেয়েটির শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে। শারীরিক অবস্থা ভাল না হওয়ায় তাকে ঢাকা মেডিক্যালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে।’
পল্লবী থানার ওসি দাদন ফকির বলেন, ‘শিশু নির্যাতনের অভিযোগে একটা মামলা হয়েছে। আমরা তদন্ত করছি। এরপর বিস্তারিত বলব।’
/আরজে/এএম /এসএমএ/








