‘বাড়িতে বাড়িতে গিয়ে মশারি টানানো সম্ভব না।’ ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হকের এমন বক্তব্যের প্রতিবাদ ও চিকুনগুনিয়া প্রতিরোধের দাবিতে অভিনব পদ্ধতিতে মানববন্ধন করেছে দুটি সংগঠন। প্রতিবাদকারীরা রাজপথে মশারি টানিয়ে মানববন্ধন করে।
শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে ২৪ দলীয় রাজনৈতিক জোট যুক্তফ্রন্ট ও বিকালে প্রগতিশীল জাতীয়তাবাদী দল (পিএনপি)পৃথক দুটি মানববন্ধন ও প্রতিবাদ মিছিল করে। পিএনপি’র মিছিলটি নয়াপল্টন থেকে শুরু হয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সকালের মানববন্ধনে যুক্তফ্রন্ট -এর চেয়ারম্যান আব্দুল খালেক লাভলু বলেন, ‘রাজধানীজুড়ে এডিস মশা ছড়িয়ে পড়েছে। এ কারণে রাজধানীর প্রায় প্রতিটি ঘরে চিকুনগুনিয়া ছড়িয়ে পড়ছে। অথচ দুই সিটি মেয়র এর দায় নিতে চাচ্ছেন না।’ মানববন্ধনে সিটি মেয়রদের বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে মশা নিধন করে মানুষকে চিকুনগুনিয়া রোগ থেকে মুক্তির দাবি জানানো হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারী আরিফ হোসেন নামে একজন ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বাংলা ট্রিবিউনকে বলেন, ‘নির্বাচনের আগে এই মেয়র বলেছিলেন, ‘সমস্যা চিহ্নিত, সমাধান যাত্রা।’ কিন্তু তিনি আজ তা ভুলে গেছেন। তিনি নাকি বাড়িতে বাড়িতে গিয়ে মশারি লাগিয়ে দেবেন না। আমরাও চাইনা তিনি মশারি লাগিয়ে দিক। তিনি মশা নিধন করে দিন, আমরা মশারি টানাবো না।’
এদিকে মশারি নিয়ে রাজপথে অবস্থানের এই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়েছে। ফেসবুকে তীব্র সমালোচনা করেন নগরবাসী। শুক্রবার (১৪ জুলাই) নগর ভবনে নিজের দেওয়া বক্তব্যের জন্য শনিবার একটি অনুষ্ঠানে দুঃখ প্রকাশ করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক।
/এসএস / এপিএইচ/
আরও পড়ুন:
এই শহর নতুন করে গড়ার অবস্থায় নেই : আনিসুল হক







