রাজধানীর ডেমরায় পাঁচ তলা ভবনের চতুর্থ তলার সিঁড়ির ফাঁক গলে পড়ে আরিফ হোসেন (১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটির বাবা মোস্তাক আহামেদ জানান, ডেমরার সারুলিয়া বাহির টেংরা, ওরিয়েন্টাল স্কুল রোডের মফিজুলের বাড়ির চতুর্থ তলায় পরিবার নিয়ে থাকেন তিনি। মঙ্গলবার (১৮ জুলাই) আরিফ পাশের বাড়ির চতুর্থ তলায় অন্য শিশুদের সঙ্গে খেলা করতে যায়। সেখানেই খেলতে গিয়ে সিঁড়ির ফাঁক গলে পড়ে যায় সে।
গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিকাল সাড়ে ৩টায় তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির এসআই মো. বাচ্চু মিয়া বলেন, ‘মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। তিন ভাইয়ের মধ্যে আরিফ ছিল ছোট। তার গ্রামের বাড়ি কুমিল্লার তিতাস থানার রায়পুর। শিশুটির বাবা মোস্তাক আহামেদ পরিবহন শ্রমিক।
/এআইবি/এএম








