রাজধানীর কদমতলীতে এক স্কুলছাত্রীকে (১৩) রাস্তা থেকে তুলে নিয়ে মারধরের অভিযোগ পাওয়া গেছে। রবিবার (০৬ আগস্ট) বিকালে স্থানীয় কয়েক যুবক ওই কিশোরীকে একটি ভবনের ছাদে নিয়ে মারধর করে। পরে উদ্ধার করে মেয়েটিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
স্থানীয় একটি স্কুলের ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া ওই ছাত্রীর বড় বোন জানান, বিকাল আনুমানিক ৪টার দিকে ওই ছাত্রী কদমতলীর রায়েরবাগের বাসার পাশের একটি দোকানে যায়। এ সময় পাশের এলাকার ৪/৫ যুবক তাকে ধরে নিয়ে যায় মিরাজনগরের একটি বাড়িতে। খবর পেয়ে দ্রুত ওই বাড়িতে গিয়ে ছাদের উপর থেকে মেয়েটিকে উদ্ধার করেন তার পরিবারের সদস্যরা। ওই ছাত্রীর বড় বোন জানান, বখাটেরা তাকে (ছাত্রী) মারধর করেছে। এতে তার মাথাসহ শরীরের কয়েক স্থানে আঘাত লেগেছে। পরে তাকে ঢামেকে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসেন তারা।
প্রাথমিক চিকিৎসা শেষে সন্ধ্যা সোয়া ৭টার দিকে মেয়েটিকে নিয়ে বাসায় ফিরে যান তার অভিভাবকরা। তারা জানান, বিষয়টি স্থানীয় থানায় জানানো হয়েছে। এ ঘটনায় তারা থানায় মামলা করবেন।
/এআইবি/এএম








