ব্লগার নিলয় হত্যার দু’বছর আজ (সোমবার)। গণজাগরণ মঞ্চের আন্দোলনে সক্রিয় ব্লগার নিলয় হত্যার দু’বছর পার হলেও এখনও তার প্রকৃত হত্যকারীদের ধরতে পারেনি পুলিশ। অপরাধীদের গ্রেফতার ও দ্রুত বিচার শেষ করার দাবিতে সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে অনশন করেছেন নিলয়ের বন্ধু সাজ্জাদ সাজু। তবে অনশনে বসার দু’ঘণ্টার মধ্যে পুলিশ তাকে সেখান থেকে সরিয়ে দিয়েছে।
সাজ্জাদ সাজু জানান, ‘নিলয় (নীল) হত্যার দু’বছর পূর্ণ হলো আজ। আজও কেন আমরা তার হত্যার বিচার পেলাম না?’
প্রশাসনের সমালোচনা করে তিনি বলেন, ‘নিলয় হত্যা মামলার কোনও অগ্রগতি নেই। প্রশাসন এতদিনেও কিছু করতে পারেনি। কয়েকজন সন্দেহভাজনকে ধরলেও প্রকৃত অপরাধীদের ধরতে ব্যর্থ হয়েছে পুলিশ। ’ আগামীতে নিলয় হত্যার বিচারের দাবিতে বড় ধরনের কর্মসূচি দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।
সোমবার ( ৭ আগস্ট) সকাল ৯ টা থেকে দিনব্যাপী অনশনের প্রস্তুতি নিয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে বসলেও পুলিশ বেলা সাড়ে ১১ টার দিকে সাজ্জাদ সাজুকে সেখান থেকে তুলে দেয় বলে অভিযোগ করেন তিনি।
সাজু বলেন, ‘ নিলয় হত্যার বিচার চাইতে সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অনশনে বসতে প্রেসক্লাবের সামনে গেলে সেখান থেকে দুই ঘণ্টা পর আমাকে তুলে দেওয়া হয়েছে।’
তিনি বলেন, ‘সচিবালয়ে আজ কেবিনেট মিটিং আছে বলে পুলিশ আমাকে সেখান থেকে চলে যেতে বাধ্য করেছে। পরে আমি ব্যানার-প্ল্যাকার্ড, ফেস্টুন নিয়ে চলে এসেছি।’
/আরএআর/ এপিএইচ/
আরও পড়ুন: নির্যাতিত মা ও মেয়ে কোথায় যাবেন, সেফ হোম না বাড়িতে








