রাজধানীর খিলগাঁও থানাধীন মেরাদিয়ার অদূরে র্যাবের গুলিতে নিহত জঙ্গির মরদেহ হস্তান্তর করা হয়েছে আঞ্জুমান মফিদুল ইসলামের কাছে। বৃহস্পতিবার (১০ আগস্ট) সকাল সাড়ে ১১টায় জুরাইন কবরস্থানের উদ্দেশে তার লাশ নিয়ে যায় আঞ্জুমানের লাশ বহনকারী কবিরসহ দু’জন। মৃতদেহটি বুঝিয়ে দেন খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) এমদাদুল হক।
গত ১৮ মার্চ ভোরে রামপুরা-ডেমরা স্টাফ কোয়ার্টার সড়কের মেরাদিয়ার অদূরে মোস্তাক মাঝি মোড়ের শেখের জায়গা সড়কের মাঝামাঝি র্যাবের চেকপোস্টের কাছ দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিল ওই যুবক। সন্দেহ হলে চেকপোস্টে থাকা র্যাব সদস্যরা তাকে থামার জন্য সংকেত দেন। সে না থামায় গুলি করা হয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এরপর মেটাল ডিটেক্টর দিয়ে যুবকের দেহে তল্লাশি চালানো হয়। সেটি সিগন্যাল দেয়। তার কাছ থেকে তিনটি বোমা ও একটি ভেস্টের মতো বস্তু উদ্ধার করা হয়। এর ভেতরে ছিল আরও দুটি বোমা। র্যাবের চেকপোস্টে নিহত জঙ্গির ব্যবহৃত মোটরসাইকেলে কোনও নম্বরপ্লেট ছিল না। তার নাম-পরিচয় জানা যায়নি।
/এআইবি/জেএইচ/








