জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠানে প্রবেশ-বাহির ছাড়াও অন্যান্য পথে চলার জন্য নির্দেশনা দিয়েছে ডিএমপি ট্রাফিক বিভাগ। রবিবার (১৩ আগস্ট) বেলা ১১টায় ধানমন্ডি ৩২ নম্বর এলাকার নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে গিয়ে এসব নির্দেশনার কথা জানান ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া।
নির্দেশনা অনুযায়ী বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠান দুই ভাগে অনুষ্ঠিত হবে। প্রথম ধাপে ভিভিআইপি, ভিআইপি, ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা শ্রদ্ধাজ্ঞাপন করবেন। এরপর বিভিন্ন প্রতিষ্ঠান, দল, সংগঠন ও জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে।
প্রবেশ ও বের হওয়ার পথ
ভিভিআইপি, ভিআইপি, ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা মানিক মিয়া এভিনিউ-মিরপুর রোড-ধানমন্ডি ২৭ ক্রসিং-মেট্রো শপিং মলের কাছে ডানে মোড় নিয়ে ধানমন্ডি ৩২ নম্বর রোডের পশ্চিম প্রান্ত দিয়ে প্রবেশ করবেন এবং এই পথে বের হবেন। বিভিন্ন প্রতিষ্ঠান, রাজনৈতিক দল, সংগঠন ও জনসাধারণ ধানমন্ডি ৩২ পূর্ব প্রান্ত দিয়ে প্রবেশ করবেন এবং পশ্চিম প্রান্ত দিয়ে বের হবেন।
এছাড়া রাজনৈতিক নেতাকর্মী ও সংগঠনগুলো সববেত হবেন কলাবাগান মাঠে ও যারা আসাদগেট হয়ে আসবেন তারা মিরপুর সড়কের পূর্ব প্রান্ত হয়ে কলাবাগান মাঠে সমবেত হবেন।
যেসব রাস্তায় যানবাহন চলাচল বন্ধ থাকবে
সোনারগাঁও ক্রসিং থেকে রাসেল স্কয়ার, সিটি কলেজ থেকে রাসেল স্কয়ার ও ধানমন্ডি ২৭ নম্বর থেকে রাসেল স্কয়ার পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ থাকবে। এছাড়া রাসেল স্কয়ার থেকে সোবহানবাগ মসজিদ পর্যন্ত কোনও মোটরসাইকেল পার্কিং করা যাবে না।
/আরজে/এসএমএ/








