গোয়েন্দা পুলিশের ওপর হামলাকারী দুই অস্ত্রধারী নজরদারিতে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ আগস্ট ২০১৭, ২১:১৬আপডেট : ১৪ আগস্ট ২০১৭, ২১:২১

রাহুল পাটোয়ারী (ফাইল ছবি) ডিবি পুলিশের সহকারী কমিশনারের ওপর গুলিবর্ষণকারী অস্ত্রধারীরা পেশাদার সন্ত্রাসী। তারা সবাই গোয়েন্দা নজরদারির মধ্যেই রয়েছে। যেকোনও সময় তারা গ্রেফতার হতে পারে। সোমবার (১৪ আগস্ট) ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের তদন্ত সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কর্মকর্তারা বাংলা ট্রিবিউনকে জানান, অভিযান পরিচালনাকারী টিম লিডার ও তার সহযোগী সদস্যদের কৌশলে ভুল ছিল। গোয়েন্দা সদস্যদের অবস্থানও ঠিক ছিল না। এছাড়া, দ্রুত সিদ্ধান্ত নিতে দেরি করায় সন্ত্রাসীরা গুলি চালিয়ে সহজেই পালিয়ে যায়। অস্ত্র উদ্ধারের জন্য যে ধরনের কৌশল গ্রহণ করা হয়ে থাকে, সে বিষয়ে দক্ষতার অভাবেই অস্ত্র সরবরাহকারীরা গোয়েন্দা পুলিশের উপস্থিতি টের পেয়ে যায়। একইসঙ্গে অস্ত্রের দখল না নিয়েই অস্ত্র সরবরাহকারীর সঙ্গে জাপটা-জাপটি করার কারণেই গুলি করার সুযোগ পেয়ে যায় সন্ত্রাসীরা।

অভিযান পরিচালনাকারী একজন কর্মকর্তা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘যেসব অস্ত্র উদ্ধার করার কথা ছিল সেগুলো দিয়েই পুলিশকে গুলি করে পালিয়ে যায় সন্ত্রাসীরা।’

অভিযানের আগে সোর্সের দেওয়া তথ্য সঠিক ছিল কিনা এমন প্রশ্নের জবাবে নাম প্রকাশে অনিচ্ছুক ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একজন কর্মকর্তা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সোর্সের তথ্য সঠিক ছিল। কিন্তু অভিযান পরিচালনাকারী সদস্যদের কৌশল ও অবস্থান সঠিক ছিল না। এ কারণে সন্ত্রাসীরা গুলি করে পুলিশের সামনে দিয়েই পালিয়ে যেতে পেরেছে।’

তিনি আরও  বলেন, ‘গোয়েন্দা পুলিশের সোর্স বিল্লালের মাধ্যমে অস্ত্র বিক্রি করতে এসেছিল দু’জন অস্ত্রধারী। কিন্তু টাকা ও অস্ত্র লেনদেনের আগেই পুলিশের পরিচয় টের পেয়ে যায় ওই দুই অস্ত্রধারী। এরই মধ্যে পালানোর চেষ্টা করলে এদের একজনকে জাপটে ধরার চেষ্টা করেন অভিযানকারীরা। তখনই দুই সন্ত্রাসী তাদের অস্ত্র বের করে অন্তত তিন রাউন্ড গুলি করে। এতে গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার রাহুল পাটোয়ারী ও সোর্স বিল্লাল গুলিবিদ্ধ হন। একজন পথচারীও গুলিবিদ্ধ হন। এরপর ওই দুই সন্ত্রাসী গোয়েন্দা পুলিশের অন্য সদস্যদের সামনে দিয়েই পালিয়ে যায়।’

অভিযান পরিচালনাকারী আরও একজন গোয়েন্দা কর্মকর্তা বাংলা ট্রিবিউনকে জানান, ‘আমি অনগার্ড পজিশনে ছিলাম। আমার সামনে দিয়েই সন্ত্রাসী পালিয়ে যায়, তারপরও গুলি করতে পারিনি। কারণ, গুলি করলে তা সরাসরি স্যারের শরীরে লাগতো। স্যারকে ঢাল বানিয়ে তারা মুর্হূতেই পালিয়ে যায়।’

ওই কর্মকর্তা আরও বলেন, ‘অস্ত্রধারী সন্ত্রাসী ও গোয়েন্দা পুলিশের সদস্যরা কাছাকাছি থাকায় গুলিবর্ষণকারী সন্ত্রাসীদের পাকড়াও করা যায়নি। একাধিক অস্ত্রধারী গোয়েন্দা সদস্য বিভিন্ন পয়েন্টে দায়িত্ব পালন করলেও ঘটনা যে এভাবে ঘটতে পারে, তা কেউ  কল্পনাও করতে পারেননি।’

পুলিশের সহকারী কমিশনারকে গুলি করার ঘটনায় জড়িত সন্ত্রাসীদের পরিচয় ও অবস্থান  শনাক্তকরণে একাধিক টিমের সদস্যরা তদন্ত শুরু করেছেন। এরইমধ্যে সস্ত্রাসীদের বায়োডাটা ও অপরাধ বিষয়ক কর্মকাণ্ডের নানা পরিসংখ্যান উদঘাটন করেছেন তারা। অস্ত্রধারী ওই সন্ত্রাসীরা রাজধানীতেই অবস্থান করছে বলে বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছেন তারা। এছাড়া, তাদের গতিবিধি ও যোগাযোগের নেটওয়ার্কও এখন   পুলিশের নজরদারিতে আছে। সুবিধাজনক সময়ে কার্যকর কৌশল প্রয়োগ করেই তাদের গ্রেফতার নিশ্চিত করা হবে বলে জানান পুলিশের একজন ঊর্ধ্বতন গোয়েন্দা কর্মকর্তা।

নাম পরিচয় প্রকাশে অনিচ্ছুক ওই গোয়েন্দা কর্মকর্তা বাংলা ট্রিবিউনকে আরও  বলেন, ‘এরইমধ্যে সন্ত্রাসীদের ছবি চিকিৎসাধীন গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার ও সোর্স বিল্লালের মাধ্যমে যাচাই-বাছাই করা হয়েছে। তাদের অবস্থান সম্পর্কেও নিশ্চিত হওয়া গেছে।’

এ প্রসঙ্গে জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের জনসংযোগ শাখার উপ-কমিশনার মাসুদুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ডিবি পুলিশের ওপর হামলাকারী অস্ত্রধারী সন্ত্রাসীদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে।’

গত শনিবার রাতে (১২ আগস্ট) রাজধানীর জুরাইনে অস্ত্র উদ্ধার করতে গুলিবিদ্ধ হন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের পশ্চিম বিভাগের সিনিয়র সহকারী কমিশনার (এসি) রাহুল পাটোয়ারী। একই ঘটনায় গুলিবিদ্ধ হন সোর্স বিল্লাল হোসেন মৃদুল ও সেলিম নামের এক পথচারী।

এসএমএন/এএম

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম