রাজধানীর মিরপুরে পৃথক ঘটনায় দুই জনের অপমৃত্যু হয়েছে। মিরপুরের শাহআলীবাগে শুক্কুর আলী (৪০) ও উত্তর পীরেরবাগে আইয়ুবুর রহমান (১৭) নামে এক কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা উভয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (২২ আগস্ট) এ ঘটনা ঘটে। ময়নাতদন্তের জন্য তাদের মৃতদেহ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
মিরপুর থানার উপ-পরিদর্শক (এসআই ) সুব্রত কুমার রায় জানান, মিরপুরের ৯৯/ক শাহ আলীবাগে থাকতেন শুক্কুর আলী। মঙ্গলবার সকাল সোয়া ৭টায় ভবনটির ছাদের রডের সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তাকে পাওয়া যায়।
পরিবারের বরাত দিয়ে এসআই সুব্রত জানান, শুক্কুর আলী ছিলেন মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার কামারগাঁও গ্রামের মৃত আনছার আলীর ছেলে। সোমবার (২১ আগস্ট) রাত ৯টায় বাসা থেকে বের হন তিনি। এরপর আর ফেরেননি। স্বজনরা তাকে মোবাইল ফোনে চেষ্টা করে পাননি। মঙ্গলবার ভোরে বাসার ছাদে রডের সঙ্গে ঝুলন্ত অবস্থায় শুক্কুর আলীকে দেখতে পেয়ে লোকজন আইনশৃঙ্খলা বাহিনীকে খবর দেন। পরে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।
এদিকে মিরপুরের উত্তর পীরেরবাগে বাসায় গলায় ওড়না প্যাঁচানো ফাঁস দিয়েছে আইয়ুবুর রহমান। তার বড় ভাই মাহাবুবুর রহমান জানান, প্রায় একমাস আগে তার বাসায় আসেন আইয়ুব। তিনি কিছুদিন রাজমিস্ত্রীর যোগালী হিসেবে কাজ করেছেন।
মাহাবুবুর রহমানের ধারণা, মঙ্গলবার দুপুর ২টার দিকে তার ভাই আত্মহত্যা করেছেন। উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক বিকাল সোয়া ৪টায় তাকে মৃত ঘোষণা করেন। তবে তার আত্মহত্যার কারণ জানাতে পারেননি স্বজনরা।
আইয়ুবুর রহমান সিলেটের ওসমানী নগরের মোল্লাপাড়া গ্রামের মজর মিয়ার ছেলে। তিন ভাই এক বোনের মধ্যে তিনি ছিলেন সবার ছোট।








