রাজধানীর মুগদার মান্ডায় আফরোজা এন্টারপ্রাইজ নামে এক ভাঙ্গারি দোকানে হাইড্রোলিক মেশিন বিস্ফোরণে তিন জন দগ্ধ হয়েছেন। সোমবার (২৮ আগস্ট) বেলা সোয়া ৩টার দিকে এ ঘটনা ঘটে। পরে আশঙ্কাজনক অবস্থায় আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়। ঢামেক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানিয়েছেন।
আহতরা হলেন- দোকান মালিক মো. আলম (৩৩), কর্মচারী আনোয়ার হোসেন (২২) ও কর্মচারী মমিন (২০)।
দগ্ধ আনোয়ার বলেন, ‘আমরা সুগন্ধীর বোতলসহ বিভিন্ন মালামাল হাইড্রোলিক মেশিনের মাধ্যমে চেপ্টা করার কাজ করছিলাম। এসময় বিস্ফোরণ ঘটে।’
বার্ন ইউনিটের জরুরি বিভাগের চিকিৎসক ড. মাহবুবুর রহমান বলেন, ‘দগ্ধ তিন জনের কাউকেই আশঙ্কা মুক্ত বলা যাবে না। কারণ, তাদের শ্বাসনালীতে আগুন লেগেছে। আলমের শরীরের ৫৭ শতাংশ, আনোয়ারের ৩০ শতাংশ ও মমিনের ১৬ শতাংশ দগ্ধ হয়েছে। এর মধ্যে আলম ও আনোয়ারের অবস্থা বেশি গুরুতর।’








