আইনি প্রক্রিয়া ছাড়া স্বর্ণ ব্যবসায়ীদের প্রতিষ্ঠানে শুল্ক গোয়েন্দাদের অভিযান পরিচালনা করা যাবে না বলে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার জজ আদালত। এর ফলে আইন অনুযায়ী স্বর্ণের দোকানে শুল্ক গোয়েন্দারা অভিযান পরিচালনা করতে পারবেন বলে জানান ডেপুটি অ্যাটর্নি জেনারেল এস এম মনিরুজ্জামান।
মঙ্গলবার (২৯ আগস্ট) আপিল বিভাগের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের অবকাশকালীন চেম্বার জজ আদালত এই আদেশ দেন।
একই সঙ্গে রাষ্ট্রপক্ষের করা মামলাটি আপিল বিভাগের নিয়মিত (লিভ টু আপিল) বেঞ্চে ১২ অক্টোবর শুনানির জন্য পঠিয়েছেন চেম্বার জজ আদালত।
আদালতে বাংলাদেশ জুয়েলার্স সমিতির রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী ব্যারিস্টার এবিএম আলতাফ হোসেন। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ মমতাজ উদ্দিন ফকির ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল এস এম মনিরুজ্জামান।
বাংলাদেশ জুয়েলারি সমিতির করা এক রিট আবেদনের শুনানি নিয়ে গত ৮ জুন রুল জারিসহ একটি স্থগিতাদেশ দেন হাইকোর্ট। স্বর্ণ আমদানির জন্য কেন একটি নীতিমালা করা হবে না, রুলে তা জানতে চাওয়া হয়। এই আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ লিভ টু আপিল করে। আজ (মঙ্গলবার) শুনানি শেষে চেম্বার জজ আদালত এই আদেশ দেন।








