রাজধানীর রায়েরবাগে বাসের ধাক্কায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। তার নাম মো. আব্দুল বাছেদ মিঝি (৬৫)। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে শনির আখড়া ও রায়েরবাগের মাঝামাঝি এলাকায় রাস্তা পার হওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। যাত্রাবাড়ী থানার এসআই আবুল কালাম এই তথ্য নিশ্চিত করেন।
এসআই আবুল কালাম বলেন, ‘বেলা সাড়ে ১২টার দিকে শনির আখড়া ও রায়েরবাগের মাঝামাঝি ব্রিজের কাছ দিয়ে রাস্তা পার হওয়ার সময় হিমালয় পরিবহনের একটি যাত্রাবাহী বাস তাকে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তায় পড়ে যান। পরে পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুপুর ১টা ২০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় বাসসহ (ঢাকা মেট্রো ব- ১১-৮১৩৯) চালককে আটক করা হয়েছে।
নিহত মো. আব্দুল বাছেদ মিঝির বাড়ি মুন্সীগঞ্জ জেলার সদর উপজেলার টরকী গ্রামে। সপরিবারে বসবাস করতেন রায়েরবাগ মিরাজনগর বি ব্লকে।








