রাজধানীতে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে অচেতন হয়ে এক পুলিশ সদস্যসহ ছয়জন ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি হয়েছেন। সেখানে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। মঙ্গলবার (২৯ আগস্ট) রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। ঢামেক পুলিশ বক্সের ইনচার্জ এসআই বাচ্চু মিয়া বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ট্রাফিক পূর্ব ওয়ারী জোনের কনস্টেবল তাজিমুলকে মিরপুর থেকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। মিরপুর ১০ নম্বরে একটি বাস থেকে তাকে উদ্ধার করে প্রথমে রাজারবাগ পুলিশ হাসপাতাল ও পরে রাতে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। সূত্রাপুরে দুপুরে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন সিএনজিচালিত অটোরিকশা চালক বরকত উল্লাহ (৪০)।অজ্ঞান পার্টির সদস্যরা তার অটোরিকশাটি নিয়ে যায়। পথচারীরা অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেক হাসাপাতলে নিয়ে যান।
এছাড়া, পল্টনে ইসলামী ব্যাংকের সামনে থেকে এক তরুণকে দুপুরে অচেতন অবস্থায় উদ্ধার করেন পথচারীরা। পরে তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। তেজগাঁও থানা পুলিশ অভি হোসেন (২৮) নামে এক যুবককে সাতরাস্তা থেকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করে। সবুজবাগ থানার বাসাবো কদমতলা এলাকায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন জহিরুল ইসলাম নামের এক ব্যক্তি। খিলগাঁও ফ্লাইওভারের নিচ থেকে ৩৫ বছর বয়সী এক ব্যক্তিকে অচেতন অবস্থায় ঢামেক হাসপাতালে ভর্তি করে পুলিশ।
তবে তাদের কাছ থেকে কী খোয়া গেছে তা জানা যায়নি।








