রাজধানীর যাত্রাবাড়ী ও লালবাগে পৃথক সড়ক দুর্ঘটনায় একজন শিক্ষকসহ দুই ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) এ দুর্ঘটনা দু’টি ঘটে। এর মধ্যে যাত্রাবাড়ীতে নিহত হন প্রফেসর মো. আব্দুর রশিদ (৪৬), লালবাগে নিহত হন মো. আলী হোসেন (৩০)। সংশ্লিষ্ট থানা ও ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ি সূত্রে এ তথ্য জানা গেছে।
যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মফিজ উদ্দিন জানান, যাত্রাবাড়ীর শনির আখড়া বাস স্টপেজের সামনে বৃহস্পতিবার দুপুর ২টার দিকে প্রফেসর মো. আব্দুর রশিদকে একটি প্রাইভেটকার পথচারী পেছন দিক থেকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। কয়েকজন পথচারী তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে এনে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকাল পৌনে ৩টার দিকে তার মৃত্যু হয়। এ ঘটনায় প্রাইভেটকারটিকে আটক করা হয়েছে। ময়নাতদন্তের জন্য তার মৃতদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
নিহতের স্বজনদের বরাত দিয়ে এসআই মফিজ উদ্দিন জানান, আব্দুর রশিদ লেকচার পাবলিকেশনে লেখালেখি করতেন এবং কোচিং সেন্টারে পড়াতেন। শনির আখড়া এলাকায় তার বাসা।
এদিকে, লালবাগ পশ্চিম শহিদ নগর বেড়ি বাঁধে লাকি পরিবহন নামে একটি কাভার্ড ভ্যানের ধাক্কায় নিহত হন শ্রমিক মো. আলী হোসেন। তার গ্রামের বাড়ি মাদারীপুর জেলার কালকিনি উপজেলার চরলক্ষিপুরে। বাবার নাম মো. কাশেম ব্যাপারী। বর্তমানে লালবাগের শহিদনগর ৩নং গলিতে থাকতেন তিনি। তার স্ত্রী রেশমা, দুই সন্তানের জনক ছিলেন।
নিহতের আত্মীয় মো. হাসমাত জানান, আলী ছিল দিনমজুর। একটি মেশিন নিয়ে যাওয়ার সময় দুপর ২টার দিকে বেড়ি বাঁধে একটি কাভার্ড ভ্যান পেছন দিক থেকে তাকে চাপা দেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক বিকাল ৩টায় তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।








