রাজধানীর যাত্রাবাড়ীর কাজলায় পারিবারিক কলহের জের ধরে আফসানা আকতার (১৮) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে ধারণা করছে পুলিশ। মঙ্গলবার (১০ অক্টোবর) যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক সাইফুল ইসলাম বলেন, ‘ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে। পারিবারিক কলহের কারণে আফসানা আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে।’
কাজ শেষে ঘরে ফেরার পর আফসানার ঝুলন্ত দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান তার স্বামী মো. খোকন। তিনি একটি ওয়ার্কশপের কর্মচারী। তাদের এক কন্যা সন্তান রয়েছে। মানিকগঞ্জ জেলার সিংঙ্গাঈর উপজেলার ছয়আনায় তাদের গ্রামের বাড়ি।
নিহতের স্বামী মো. খোকন জানান, মঙ্গলবার সন্ধ্যায় কাজ শেষে কাজলার ভাড়া বাসায় গিয়ে জানতে পারি স্ত্রী ফ্যানের সাথে গামছা দিয়ে ঝুলে আছে। শাশুড়ি রাজিয়া আমার মেয়েকে নিয়ে সে সময় বাহিরে গিয়েছিল। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের মা বলেন, ‘আফসানার স্বামী যে ওর্য়াকশপে কাজ করে, সেখান থেকে পাঁচ হাজার টাকা লোন নিয়েছিল সে। এরপর ওয়ার্কশপের মালিক ফোন করে সে তথ্য বাসায় জানিয়ে দেয়। এসব নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য হয়।’








