চার বছর বয়সী শিশুছেলেকে ছুড়ে মেরে হত্যা করল এক মাদকাসক্ত বাবা। শিশুটির নাম মো. শাহিন। রবিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর যাত্রাবাড়ীর মাতুইয়াল পশ্চিমপাড়া কাজীরগাঁও এলাকায় ঘটনাটি ঘটে। পুলিশ ঘাতক বাবা এনামুল হককে আটক করেছে।
শিশুটির মৃতদেহ ঢাকা মেডিক্যাল কলেজের (ঢামেক) মর্গে রাখা হয়েছে। শিশুটির বড় বোন গার্মেন্টকর্মী তানজিলা বলেন, ‘আমার বাবা মাদকাসক্ত। তিনি মাঝে মধ্যে ভালো থাকেন, আবার মাঝে মধ্যেই উল্টাপাল্টা করেন। আজ আমি কাজ থেকে ফিরে দেখি বাসায় অনেক পুলিশ। এ সময় প্রতিবেশী কয়েকজন জানায়, বাবা আমার ছোট ভাই শাহিনকে ছুড়ে ফেলে দিয়েছেন। গুরুতর আহত শাহিনকে দ্রুত ঢামেকের জরুরি বিভাগে নিয়ে যাই। সেখানে ডাক্তার রাত সাড়ে ৭টায় তাকে মৃত ঘোষণা করেন।’
তানজিলার সঙ্গে ঢামেকে আসা তার প্রতিবেশী সুমাইয়া জানান, ছুড়ে মারার ফলে শাহিন মাথায় মারাত্মক আঘাত পায়।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই মো. বাচ্চু মিয়া বলেন, মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় শিশুটির বাবাকে আটক করা হয়েছে। তাদের গ্রামের বাড়ি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ। চার ভাই ও তিন বোনের মধ্যে শাহিন ছিল সবার ছোট। তার মায়ের নাম আসমা বেগম।








