হেমন্তে বর্ষার বৃষ্টি, ছুটির দিনে অলস নগরী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ অক্টোবর ২০১৭, ১৩:৫৫আপডেট : ২০ অক্টোবর ২০১৭, ১৪:৩৩

অবিরত হালকা বারিপাত: নেই জলজট, নেই যানজট, ছুটির দিনে অলস ঢাকা

ভোর রাতের কুয়াশায় ভেসে কদিন আগেই হেমন্ত এসেছে। আশ্বিন শেষে আজ কার্তিক মাসের পঞ্চম দিন। কিন্তু দিনভর হালকা বৃষ্টিতে মনে হচ্ছে যেন আবারও বর্ষা ফিরে এসেছে। বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার পর থেকেই রাজধানীতে ঝিরি ঝিরি বৃষ্টি শুরু হয়। শুক্রবার (২০ অক্টোবর) দুপুর পর্যন্ত তা অব্যাহত রয়েছে। কোথাও থেমে থেমে, আবার কোথাও অবিরত গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। এ সময়ের মধ্যে আবহাওয়া অফিস ৫০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে। অসময়ে হেমন্তের এই বৃষ্টি নগরবাসীকে কিছুটা ভোগান্তি দিয়েছে। তবে নগরের সড়কগুলোতে তেমন কোনও জলাবদ্ধতা দেখা যায়নি।

আবহাওয়া অফিস বলছে, শুক্রবার সারাদিন বৃষ্টি থাকতে পারে। সন্ধ্যা ছয়টা পর্যন্ত অভ্যন্তরীণ নৌবন্দরগুলোর জন্য দুই নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত জারি করা হয়েছে। এদিকে, সাপ্তাহিক ছুটি হওয়ায় সড়কগুলোতে যানবাহনের উপস্থিতি কম ছিলো। যে কারণে যানজটের ভোগান্তিতে পড়তে হয়নি যাত্রীদের। 

সকালে খিলগাঁও রেলগেট গিয়ে দেখা গেছে, শুক্রবার জন্য সড়কে তেমন কোনও যানবাহন নেই। ফাঁকা রাস্তায় রিকশা, লেগুনা, ব্যক্তিগত গাড়ি ও কিছু গণপরিবহন চলছে। এসব পরিবহনেও যাত্রীদের উপস্থিতি কম ছিল। চালকের সহযোগীরা ডেকে ডেকে পরিবহনে যাত্রী তোলার চেষ্টা করছেন।

পল্টনের একটি বেসরকারি কোম্পানির কর্মকর্তা নাজমা আক্তার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বৃষ্টি হলেও ভালোই লাগছে। কারণ রাস্তায় যানজট নেই। রিকশায় করে ফাঁকা রাস্তায় অফিসে পৌঁছাতে বেশি সময় লাগবে না। যখন বৃষ্টির সঙ্গে জলজট এবং যানজট দেখা দেয় তখনই ভোগান্তি মনে হয়।’

অবিরত হালকা বারিপাত: নেই জলজট, নেই যানজট, ছুটির দিনে অলস ঢাকা

দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে গিয়ে দেখা গেছে, বৃষ্টির মধ্যে ফাঁকা রাস্তায় দ্রুত গতিতে গাড়ি চলাচল করছে। কোথাও তেমন কোনও ট্রাফিক সিগন্যালের কবলে পড়তে হচ্ছে না যানবাহনগুলোকে।

মিরপুর থেকে জাতীয় প্রেসক্লাবের একটি মানববন্ধনে যোগ দিতে এসেছেন রাজিব হোসেন। তিনি বলেন, ‘মনে করেছিলাম বৃষ্টির কারণে একটু জ্যাম হবে। তাই কিছু সময় হাতে রেখেই বাসা থেকে বের হয়েছি। কিন্তু মাত্র ২৫ মিনিটেই মিরপুর ১২ নম্বর থেকে প্রেসক্লাবে চলে এসেছি। বৃষ্টির মধ্যে গাড়ি চলছে, ভালোই লেগেছে।’

খোঁজ নিয়ে জানা গেছে, নগরীর বনশ্রী, দক্ষিণ বনশ্রী, পূর্ব রামপুরা, খিলগাঁও, বাসাবো, মাদারটেক, যাত্রাবাড়ী, পুরান ঢাকা, পল্টন, শাহবাগ, ধানমণ্ডি, মোহাম্মদপুর, মিরপুর, গুলশান, বনানী, উত্তরাসহ প্রায় সবখানেই বৃষ্টি হচ্ছে। বৃষ্টির কারণে এসব এলাকায় তেমন কোনও জলজট বা যানজট দেখা যায়নি।

এদিকে শুক্রবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে- পাবনা, যশোর, কুষ্টিয়া, ফরিদপুর, ঢাকা, খুলনা, বরিশাল, পটুয়াখালি, নোয়াখালি, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিনপূর্ব ও পূর্ব দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে বৃষ্টি ও বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে দুই নম্বর নৌ হুশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

এছাড়া দেশের অন্যত্র দক্ষিনপূর্ব ও পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি ও বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এ ব্যাপারে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অতিরিক্ত প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা খন্দকার মিল্লাতুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গুটি গুটি বৃষ্টি হচ্ছে। যে কারণে পানি সহজেই নেমে যাচ্ছে। কোথাও জলজটের খবর পাওয়া যায়নি। আমাদের পরিচ্ছন্নতা কর্মী ও পরিদর্শকরা মাঠে আছেন।’

 

 

 

/এসএস/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম