রাজধানীর মিরপুর-১৩ নম্বর সেকশনে পেটে রড ঢুকে মাহমুদুল (১৭) নামে এক নির্মাণ শ্রমিক গুরুতর আহত হয়েছেন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মো. বাচ্চু মিয়া বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানিয়েছেন।
আহত নির্মাণ শ্রমিকের সহকর্মী মিজান জানান, আজ বেলা আনুমানিক ১২টার দিকে মিরপুর-১৩ নম্বর সেকশনে পুলিশ ব্যাটালিয়নের পাশে বিজয় রাখিন সিটির একটি বহুতল ভবনের দ্বিতীয় তালার লিফট চেম্বারে প্ল্যাস্টারের কাজ করছিলেন। এ সময় তিনি পড়ে গেলে নিচে থাকা রড তার পেট দিয়ে ঢুকে পিঠ দিয়ে বের হয়। পরে রড কেটে তাকে উদ্ধার করে বেলা পৌনে ১টার দিকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি আরও জানান, মাহমুদুলের গ্রামের বাড়ি নওগাঁর সাপাহার উপজেলায়।
আরও পড়ুন:
দুদকের কাজ চলে কচ্ছপ গতিতে: হাইকোর্ট








