বছরের প্রায় পুরোটা জুড়েই পানির নিচে তলিয়ে থাকা রাজধানীর খিলক্ষেতের প্রধান সড়কটির অবশেষে উন্নয়নকাজ শুরু হয়েছে। পানি মাড়িয়ে চলাচল করতে গিয়ে সড়কটিকে স্থানীয়দের অনেকেই ‘ছোট নদী’ নামে আখ্যায়িত করতেন। বুধবার (২৫ অক্টোবর) দুপুর ১২টায় উন্নয়নকাজের উদ্বোধন করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্যানেল মেয়র মো. ওসমান গণি।
প্রকল্পের আওতায় খিলক্ষেত প্রধান সড়কের রেলক্রসিং থেকে লেকসিটি কনকর্ড সংলগ্ন ব্রিজ এবং বনরূপা হাউজিং থেকে বেপারীপাড়া পর্যন্ত নর্দমা নির্মাণসহ রাস্তা উন্নয়ন করা হবে। গত ২৩ অক্টোবর বাংলা ট্রিবিউনে খিলক্ষেতের প্রধান সড়ক যেন ‘ছোট নদী’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে এলাকাবাসীর উদ্দেশে প্যানেল মেয়র ওসমান গণি বলেন, ‘জলাবদ্ধতায় আর যেন কষ্ট করতে না হয় সেজন্য এই উন্নয়নমূলক কাজ হাতে নেওয়া হয়েছে। আমরা কাজটি মান সম্মতভাবেই করব।’ কাজ শেষ হওয়া না পর্যন্ত সবাইকে ধৈর্য ধারণের আহ্বান জানান তিনি। প্যানেল মেয়র আরও বলেন, ‘আমরা উন্নয়নে কাজ করে যাচ্ছি। মেয়র আনিসুল হকের নেওয়া সব উন্নয়নকাজ অব্যাহত থাকবে।’
অনুষ্ঠানে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাহারা খাতুন জনগণের দীর্ঘদিনের দাবি অনুযায়ী কাজ শুরু করায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান। তিনি উন্নয়নকাজটি সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সবার সহযোগিতা চান।
এ উন্নয়নকাজে ব্যয় ধরা হয়েছে ২৬ কোটি ৮৬ লাখ টাকা। আগামী বছরের জুন মাসে কাজ শেষ হওয়ার কথা রয়েছে। রাস্তাটির দৈর্ঘ্য ৩ দশমিক ৬ কিলোমিটার। এর মধ্যে ১৯ হাজার ৪৫৭ বর্গমিটার কার্পেটিং ও ৭ হাজার ৫২০ বর্গমিটার সিসি ঢালাই দেওয়া হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ১৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ডা. জিন্নাত আলী। এতে আরও উপস্থিত ছিলেন, সংরক্ষিত ওয়ার্ড-১ এর কাউন্সিলর শাহনাজ পারভীন মিতু, ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মেসবাহুল ইসলাম প্রমুখ।








