রামপুরায় ফুফুর বাসায় বেড়াতে গিয়ে শারমীন আক্তার (১৫) নামের এক মাদ্রাসাছাত্রীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। মা-বাবার ওপর অভিমান করে সে বিষপানে আত্মহত্যা করেছে বলে মনে করছে তার পরিবার। সোমবার (৩০ অক্টোবর) ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) মর্গে ময়নাতদন্ত শেষে লাশ গ্রামের বাড়ি নিয়ে যাওয়া হয়েছে।
শারমীন আক্তারের বাবা লিটন শিকদার ঢাকায় একটি হোটেলে কাজ করেন। তার মা মরিশাসে থাকেন। শারমীন বরিশালের বাকেগঞ্জের কাটাদিয়া গ্রামের বাড়িতে দাদির সঙ্গে থাকতো।
লিটন সিকদার জানান, শারমীন বাকেরগঞ্জে একটি আলীয়া মাদ্রাসায় অষ্টম শ্রেণিতে পড়ত। সে একমাস আগে রাজধানীর পশ্চিম রামপুরায় তার ফুফু মঞ্জু বেগমের বাসায় বেড়াতে যায়। সে ফুফুর বাসা থেকে বাড়িতে যেতে চাইছিল না। এদিকে, পরীক্ষা চলে আসায় লেখাপড়ার ক্ষতি হচ্ছে ভেবে রবিবার শারমীনকে তার মা বকাঝকা করেন। লিটন বলেন, আমিও ফোনে শারমীনকে বকা দেই। এ কারণে সে অভিমান করে রবিবার রাত ১১টার দিকে বিষপান করে। গুরুতর অবস্থায় তার ফুফা আব্দুল গণি হাওলাদার তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত তিনটার দিকে সে মারা যায়। তার মৃতদেহ ময়নাতদন্তের পর গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে।








