যুক্তরাজ্যে অবস্থানকালে লন্ডনের তাজ হোটেলে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্সের (আইএসআই) সদস্যদের সঙ্গে গোপন বৈঠকের মাধ্যমে দেশবিরোধী ষড়যন্ত্র করার অভিযোগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার আবেদনের আদেশ দিতে আগামী ৯ নভেম্বর (বৃহস্পতিবার) দিন ধার্য করেছেন আদালত।
বুধবার (১ নভেম্বর) বঙ্গবন্ধু ফাউন্ডেশনের নির্বাহী সভাপতি ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মশিউর মালেক ঢাকা মহানগর হাকিম আব্দুল্লাহ আল মাসুদের আদালতে খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার আবেদন করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আদেশের জন্য এ দিন ধার্য করেন। মামলার বাদী মো. মশিউর মালেক এ তথ্য নিশ্চিত করেছেন।
অভিযোগে বলা হয়, লন্ডনের তাজ হোটেলে গত ১৭ ও ১৮ জুলাই পাকিস্তানি গোয়েন্দা সংস্থার সদস্যদের সঙ্গে বৈঠক করেন বিএনপি নেত্রী। এ কারণে দেশে অরাজকতা তৈরি ও ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের অবনতি হতে পারে। বিভিন্ন গণমাধ্যমে এই বৈঠকের খবর আসার পর বঙ্গবন্ধু ফাউন্ডেশনের লন্ডন শাখার সদস্যদের সঙ্গে আলোচনা করে বিষয়টি নিশ্চিত হয়েছেন বাদী।
এর আগে গত বছরের ২৫ জানুয়ারি খালেদা জিয়ার বিরুদ্ধে আরও একটি রাষ্ট্রদ্রোহ মামলা করেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের নির্বাহী সভাপতি। এটি এখন ঢাকার একটি আদালতে বিচারাধীন আছে।








