রাজধানীর বাড্ডার ময়নারবাগের হোসেন মার্কেট এলাকার একটি বাসা থেকে বাবা জামিল শেখ ও মেয়ে নুসরতের (৯) লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে তাদের লাশ উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, জামিল শেখের শরীরে অনেক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। আর মেয়েটিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলী বলেন, ‘কে বা কারা এবং কেন তাদের হত্যা করেছে তা পরিষ্কার নয়। তবে জানার চেষ্টা করা হচ্ছে। এ ঘটনায় জামিল শেখের স্ত্রী আরজিনা বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।’
স্থানীয়রা জানান, বাসার নিচের প্রধান গেটের চাবি ভবনের একাধিক লোকের কাছে আছে। ধারণা করা হচ্ছে, বাইরে থেকে কেউ ভেতরে গিয়ে তাদের হত্যা করেছে।
উল্লেখ্য, গত বুধবার কাকরাইল এলাকার একটি বাসা থেকে মা-ছেলের লাশ উদ্ধার করে পুলিশ।








