রাজধানীর কমলাপুর এলাকায় মাদক ব্যবসায়ী ও অজ্ঞানপার্টির বিরুদ্ধে অভিযানের সময় ঢাকা মহানগর গোয়েন্দা ( ডিবি) পুলিশের দু’জন পুলিশ আহত হয়েছেন। আহত একজনকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার সন্ধ্যায় কমলাপুর রেলস্টেশনের জিআরপি থানার পাশে এই ঘটনা ঘটে। ডিবির সিরিয়াস ক্রাইমের উপ-কমিশনার (ডিসি) মীর মোদ্দাসের হোসেন বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন।
ডিবির সিরিয়াস ক্রাইমের ডিসি বলেন, ‘কমলাপুর রেলওয়ে থানার পাশে আমাদের একটি টিম মাদক ও অজ্ঞানপার্টির বিরুদ্ধে অভিযানে গিয়েছিল। এ সময় মাদক ব্যবসায়ীরা টের পেয়ে পুলিশের ওপর ছুরি নিয়ে হামলা চালায়। এতে আমাদের একজন সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ও উপ-পরিদর্শক (এসআই) আহত হয়েছেন। এর মধ্যে এসআই মো. বেলাল হোসেনকে (৩৫) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার শরীরে ছুরিকাঘাতের চিহ্ন আছে। আমরা একজনকে গ্রেফতার করেছি।’
তিনি বলেন, ‘এখনও অভিযান চলছে। আমরা পুরো এলাকায় অভিযান চালাচ্ছি। এই চক্রটিকে গ্রেফতারে আমাদের অভিযান চলবে।’








