ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে নগর উন্নয়ন সাংবাদিক ফোরাম-বাংলাদেশ।
শুক্রবার (১ ডিসেম্বর) সংগঠনের দফতর সম্পাদক শাহেদ শফিক স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক শোক বার্তায় ফোরামের সভাপতি অমিতোষ পাল ও সাধারণ সম্পাদক মতিন আব্দুল্লাহ গভীর শোক প্রকাশ করেন।
শোক বার্তায় তারা বলেন, ‘মেয়র আনিসুল হক ছিলেন আধুনিক নগর গড়ার কারিগর। তিনি ছিলেন স্বপ্ন, সাহস ও প্রেরণার উৎস। নগরীর উন্নয়নে তিনি যে ভূমিকা পালন করে গেছেন তা অতুলনীয়। তার শূন্যতা পূরণ হওয়ার নয়। তার অনুপস্থিতি জাতির জন্য অপূরণীয় ক্ষতি হয়েছে। জাতি তাকে চিরদিন মনে রাখবে। আমরা তার মৃত্যুতে গভীর শোক ও পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানাই।
উল্লেখ্য, গত ২৯ জুলাই ব্যক্তিগত সফরে সপরিবারে যুক্তরাজ্যে যান আনিসুল হক। সেখানে অসুস্থ হয়ে পড়লে ১৩ আগস্ট তাকে লন্ডনের ন্যাশনাল নিউরোসায়েন্স হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষা-নিরীক্ষার পর তার মস্তিষ্কের প্রদাহজনিত রোগ ‘সেরিব্রাল ভাস্কুলাইটিস’ শনাক্ত করেন চিকিৎসকরা। এরপর তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল। ধীরে ধীরে অবস্থার উন্নতি ঘটলে তাকে গত ৩১ অক্টোবর আইসিইউ থেকে রিহ্যাবিলিটেশন সেন্টারে স্থানান্তর করা হয়। গত ২৮ নভেম্বর অবস্থার অবনতি ঘটলে তাকে রিহ্যাবিলিটেশন সেন্টার থেকে পুনরায় আইসিইউতে স্থানান্তর করা হয়। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বাংলাদেশ সময় রাত ১০টা ২৩ মিনিটে লন্ডনের ওয়েলিংটন হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।








