রাজধানীর কাকরাইলে মা-ছেলে হত্যা মামলার তদন্ত প্রতিবেদন আগামী ৮ জানুয়ারির মধ্যে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার ঢাকা মহানগর হাকিম নূর নবীর আদালত এ দিন ধার্য করেন।
আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা মোজাম্মেলক হক বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানিয়ে বলেন, ‘আজ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। কিন্তু মামলার তদন্তকারী কর্মকর্তা ও রমনা থানার পুলিশ পরিদর্শক আলী হোসেন প্রতিবেদন দাখিল করতে ব্যর্থ হন। পরে আদালত প্রতিবেদন দাখিলের এ নতুন দিন ধার্য করেন।’
উল্লেখ্য, গত ১ নভেম্বর সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে নিজ বাসায় খুন হন শামসুন্নাহার ও তার ছোট ছেলে সাজ্জাদুল করিম শাওন। আর ২ নভেম্বর রাতে রমনা থানায় হত্যা মামলা করেছেন নিহত শামসুন্নাহারের ছোট ভাই আশরাফ আলী। মামলায় শামসুন্নাহারের স্বামী আব্দুল করিম ও তার তৃতীয় স্ত্রী শারমিন এবং শারমিনের ছোট ভাইকে আসামি করা হয়। পরে আব্দুল করিম ও শারমিনকে গ্রেফতার করে রিমান্ডে নেয় পুলিশ।
পুলিশের প্রাথমিক ধারণা, সম্পত্তি ও পারিবারিক দ্বন্দ্বের কারণে এই জোড়া খুন হয়ে থাকতে পারে।








