মুসলমানদের প্রথম কেবলা বায়তুল মুকাদ্দাস তথা জেরুজালেমে মার্কিন দূতাবাস স্থানান্তরের সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ করেছে ইসলামী ঐক্য আন্দোলন। শুক্রবার (৮ ডিসেম্বর) জুমার নামাজের পর বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে পল্টন এলাকায় প্রতিবাদ জানায় দলটি।
মিছিলে ইসরাইল ও আমেরিকার বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করে ইসলামী ঐক্য আন্দোলন। সমাবেশে দলটির নেতারা বলেন, ‘বিশ্ব মুসলিমের অনুভূতিতে আঘাত এনে মার্কিন প্রেসিডেন্ট এই সিদ্ধান্ত নিয়ে প্রমাণ করেছেন, আমেরিকা ইসলাম ও মুসলমানদের শত্রু। তিনি জাতিসংঘসহ বিশ্বের সব দেশের নীতির বিপরীতে গেছেন।’
মধ্যপ্রাচ্যের যেসব দেশ আমেরিকার সঙ্গে বন্ধুত্ব করেছে তাদের সজাগ হওয়ার এখনই সময় বলে মনে করে ইসলামী ঐক্য আন্দোলন। দলের নেতাদের ভাষ্য, ‘হায়েনার সঙ্গে বন্ধুত্ব করার পরিণাম হবে ভয়াবহ। মুসলিম দেশগুলোকে আমেরিকার এ সিদ্ধান্ত প্রত্যাহারে সব ধরনের পদক্ষেপ নিতে হবে। বিশ্বের মুসলমানরা আমেরিকার চাটুকার সরকারগুলোকে ক্ষমা করবে না।’
বিক্ষোভে সভাপতিত্ব করেন ইসলামী ঐক্য আন্দোলনের ঢাকা মহানগরীর আমীর মোস্তফা বশীরুল হাসান। এখানে আরও ছিলেন দলের আমির ড. মাওলানা মুহাম্মদ ঈসা শাহেদী, জয়েন্ট সেক্রেটারি অধ্যাপক মোস্তফা তারেকুল হাসান, কেন্দ্রীয় অফিস সম্পাদক মওলানা আবু বকর সিদ্দিক প্রমুখ।








