কোচিং বাণিজ্য আইন করে বন্ধ এবং শিক্ষা ক্ষেত্রে দুর্নীতি দূর করার দাবিতে শনিবার ( ৯ ডিসেম্বর) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছে অভিভাবক ঐক্য ফোরাম। মানববন্ধন থেকে বক্তারা পিএসসি এবং জেএসসি পরীক্ষা বাতিলেরও দাবি জানান।
মানববন্ধনে বক্তারা বলেন, ‘১৯৭১ সালে জাতিকে ধ্বংস করার জন্য যেভাবে বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছিল, এখনও ঠিক তেমনি শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার ষড়যন্ত্র চলছে। শিক্ষা ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে।’ শিক্ষা ক্ষেত্রে দুর্নীত দূর করার জন্য দুর্নীতি দমন কমিশনকে (দুদক) আরও কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান ফোরামের নেতারা।
শিক্ষাক্ষেত্রে ভর্তি বাণিজ্য, নিয়োগ বাণিজ্য, বদলি বাণিজ্য, কোচিং বাণিজ্য মহামারী আকার ধারণ করেছে উল্লেখ করে বক্তারা আরও বলেন, ‘মাধ্যমিক স্তরে দুর্নীতি ক্যান্সার আকারে ছড়িয়ে পড়ছে। তাই আইন করে শিক্ষা বাণিজ্য এবং কোচিং বাণিজ্য নিষিদ্ধ করার দাবি জানাই।’ এসময় তারা শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের দুর্নীতিবাজ কর্মকর্তাদের বদলি করে শাস্তির আওতায় আনার দাবিও জানান তারা।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- শিক্ষাবিদ অধ্যাপক এ এন রাশেদা, ডাকসু’র সাবেক সাধারণ সম্পাদক ড. মোস্তাক হোসেন, ফোরামের সাধারণ সম্পাদক মো. সেলিম উদ্দিনসহ অন্য নেতারা।








