নিখোঁজের দুই মাস পেরিয়ে গেলেও সাংবাদিক উৎপল দাসের খোঁজ মেলেনি। গত ১০ অক্টোবর থেকে একটি অনলাইন নিউজ পোর্টালের এই সিনিয়র রিপোর্টারকে পাওয়া যাচ্ছে না। দীর্ঘদিনেও তার সন্ধান না পেয়ে চরম উৎকণ্ঠায় দিন কাটছে পরিবারের।
উৎপলের নিখোঁজের ঘটনায় তার পরিবার ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে গত ২২ ও ২৩ অক্টোবর মতিঝিল থানায় দুটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালসহ সরকারের বিভিন্ন পর্যায়ের ও আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেন জ্যেষ্ঠ সাংবাদিকরা। তবে দুই মাসেও কোনও খোঁজ দিতে পারেননি তারা।
কললিস্ট ও লোকেশন ট্র্যাক করে পুলিশের পক্ষ থেকে সাংবাদিকদের জানানো হয়— সবশেষ ১০ অক্টোবর দুপুর ১টা ৪৭ মিনিটে ধানমন্ডি এলাকায় উৎপলের মোবাইল ফোন সচল ছিল। এরপর থেকে তার অবস্থান সম্পর্কে কোনও ধারণা পাওয়া যাচ্ছে না।
পরিবারের পক্ষ থেকে সংবাদ সম্মেলন ও সাংবাদিকদের বিভিন্ন সংগঠন কর্মসূচি পালন করেছে উৎপলের জন্য। তাকে খুঁজে বের করার দাবি নিয়ে প্রতিদিন দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সামনে মানববন্ধন করছেন উদ্বিগ্ন সহকর্মীরা। একই স্থানে প্রতিদিন দুপুর ১টা ৪৭ মিনিটে মানববন্ধন করছেন গণমাধ্যমকর্মীরা।
এদিকে সাংবাদিক রাজিব আহাম্মদ বাংলা ট্রিবিউনকে জানান, সাংবাদিক উৎপল দাসের নিখোঁজ হওয়ার দুই মাস পূর্ণ হওয়ার দিনে রবিবার (১০ ডিসেম্বর) দুপুর ১টা ৪৭ মিনিটে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য সহকর্মী সাংবাদিকদের অনুরোধ জানিয়েছেন তিনি।








