বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে আগামীকাল রবিবার পর্যন্ত সারাদেশে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। তবে আগামী সোমবার থেকে আবহাওয়া পরিস্থিতির উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়াবিদ আবদুর রহমান জানান, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে আগামীকাল পর্যন্ত বৃষ্টিপাত থাকবে এবং সোমবার থেকে অবস্থার উন্নতি হবে।
সাগর উত্তাল থাকায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা বন্দরে ৩ নম্বর স্থানীয় সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও এর আশপাশের এলাকায় সৃষ্ট নিম্নচাপটি উত্তর অথবা উত্তর-পূর্ব দিকে সরে আসতে পারে।
নিম্নচাপটি এখন সামান্য উত্তর-উত্তরপূর্ব দিকে সরে একই এলাকায় অবস্থান করছে। এটি শনিবার দুপুর ১২টা পর্যন্ত চট্টগ্রাম বন্দরের ৬৬০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিম দিকে, কক্সবাজার বন্দর থেকে ৬৪৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিম দিকে, মোংলা বন্দর থেকে ৪৭৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ-পশ্চিম দিকে এবং পায়রা বন্দর থেকে ৫০৫ কিলোমিটার দক্ষিণ দক্ষিণ-পূর্ব দিকে অবস্থান করছিল বলে আবহাওয়া দফতর জানায়।
এসময় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে নিরাপদ অবস্থানে থাকতে বলা হয়েছে।
খবর: বাসস।








