সাগরে নিম্নচাপের প্রভাবে সারাদেশেই বৃষ্টি হচ্ছে। রবিবার সকাল থেকে বৃষ্টির পরিমাণ বাড়লেও আগামীকাল সোমবার নাগাদ আকাশ পরিষ্কার হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।
আবহাওয়া অধিদফতর জানায়, বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি রবিবার উপকূলের কাছাকাছি অবস্থান করছে। এর ফলে সারা দেশেই সকাল থেকে বৃষ্টি হয়েছে। দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল, দক্ষিণাঞ্চল ও মধ্যাঞ্চলে বৃষ্টি বেশি হচ্ছে। রাজধানীতেও সারাদিন কখনও গুঁড়ি গুঁড়ি, কখনও মাঝারি আকারে বৃষ্টি হয়েছে।
এদিকে নিম্নচাপকে কেন্দ্র করে চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী সময়ে নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।
আবহাওয়াবিদ এ কে এম রুহুল কুদ্দুছ জানান, গত ২৪ ঘণ্টায় ঢাকায় বৃষ্টিপাত হয়েছে ২৩ মিলিমিটার। দেশে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে ভোলায়। সেখানে ৭৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
আবহাওয়ার সতর্কবাতায় বলা হয়, উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও উত্তরপূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত সুষ্পষ্ট লঘুচাপটি সামান্য উত্তরপূর্ব দিকে সরে গিয়ে বর্তমানে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় অবস্থান করছে। এটি আরও উত্তরপূর্ব দিকে অগ্রসর ও দুর্বল হয়ে যেতে পারে।








