বিনিশার মৃত্যুর কারণ ‘আত্মহত্যা’, লাশ যাচ্ছে নেপালে

রাফসান জানি
২৩ ডিসেম্বর ২০১৭, ১৯:২১আপডেট : ২৩ ডিসেম্বর ২০১৭, ১৯:২৫

পাইওনিয়ার ডেন্টালের নেপালি শিক্ষার্থী বিনিশা রাজধানীর পাইওনিয়ার ডেন্টাল কলেজের হোস্টেলে নিহত নেপালি শিক্ষার্থী বিনিশা শাহের ময়নাতদন্তসহ আইনি প্রক্রিয়া শেষ হয়েছে। বোনের মৃতদেহ দেশে ফিরিয়ে নিতে ঢাকায় অবস্থান করছেন বিনিশার ভাই নরেন্দ্র শাহ। এখন যেকোনও সময় নেপালে নিয়ে যাওয়া হবে এ শিক্ষার্থীর মরদেহ।

তার মৃত্যুর কারণ ‘আত্মহত্যা’ বলে ময়নাতদন্তের প্রাথমিক প্রতিবেদনে জানানো হয়েছে। তবে এখনও পূর্ণাঙ্গ প্রতিবেদন দেওয়া হয়নি।

গত ১৯ ডিসেম্বর পাইওনিয়ার ডেন্টাল কলেজের হোস্টেলে নিজ কক্ষ থেকে নেপালি শিক্ষার্থী বিনিশা শাহের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। ওইদিন কলেজে পরীক্ষা চলাকালে নির্ধারিত সময়ের আগেই হোস্টেলে চলে আসেন বিনিশা। পরে তার রুমমেট রোখসা হোস্টেলে ফিরে কক্ষটি ভেতর থেকে বন্ধ পান। বিকল্প চাবি দিয়ে দরজা খুলে কক্ষে ঢুকে বিনিশার ঝুলন্ত লাশ দেখেন তিনি। খবর পেয়ে ভাটারা থানা পুলিশ লাশ উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজের মর্গে পাঠায়। এ ঘটনায় ভাটারা থানায় একটি অপমৃত্যুর মামলা করে পুলিশ।

ইতোমধ্যে বিনিশার ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন ঢামেকের ফরেনসিক বিভাগের প্রধান সহকারী অধ্যাপক ডা. সোহেল মাহমুদ। তিনি শনিবার (২৩ ডিসেম্বর) দুপুরে বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমাদের ফরেনসিকের কোনও প্রক্রিয়া বাকি নেই। আমরা আজকে পোস্টমর্টেমের প্রাথমিক রিপোর্টও দিয়ে দিয়েছি। ভিসেরা ও ডিএনএ প্রোফালাইজেশনের জন্যও পাঠিয়েছি। এগুলোর রিপোর্ট আসলে আমরা ফাইনাল মতামত জানাব। প্রাথমিকভাবে আমাদের কাছে মনে হয়েছে হ্যাঙ্গিং (ফাঁস দেওয়া)। এরপরও বাকি রিপোর্টগুলো আসলে আমরা চূড়ান্ত রিপোর্ট দেব। মরদেহ নিয়ে যাওয়ার জন্য আরও কোনও প্রক্রিয়া বাকি নেই। তারা যেকোনও সময় চাইলে নিয়ে যেতে পারবে।’

ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সব আইনি প্রক্রিয়া শেষ। এখন শুধু ফ্লাই করবে। নিহতের ভাই এসেছেন নেপাল থেকে। তার কাছেই হস্তান্তর করা হবে। আমাদের পক্ষ থেকে সব প্রক্রিয়া সম্পন্ন করে হস্তান্তরের প্রস্তুতি রয়েছে।’ 

এদিকে, বিনিশার মৃত্যুর পর আন্দোলনে নামেন পাইওনিয়ার ডেন্টাল কলেজে শিক্ষার্থীরা। তাদের দাবি প্রতিষ্ঠান কর্তৃপক্ষের অতিরিক্ত চাপে আত্মহত্যা করেছেন বিনিশা।

বিনিশার সহপাঠীরা ছাড়াও বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নেপালি শিক্ষার্থীরা শনিবার কলেজের সামনে আন্দোলন করেন। নেপালিজ স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের ব্যানারে কিছু দাবি নিয়ে তারা এ আন্দোলন করেন। তাদের দাবিগুলোর মধ্যে ছিল, ১৯ ডিসেম্বর দুপুর ১২টা ২২ থেকে ১২টা ৩০ পর্যন্ত সময়কার সিসিটিভি ফুটেজ দেখানো, বিনিশার ময়নাতদন্তের রিপোর্ট প্রকাশ করা, মৃত্যুর কারণ খতিয়ে দেখার পাশাপাশি বাংলাদেশে অধ্যয়নরত নেপালি শিক্ষার্থীদের স্বার্থ রক্ষায় নেপাল দূতাবাস ও বাংলাদেশ দূতাবাসের জোরাল ভূমিকা রাখা এবং পাইওনিয়ার ডেন্টাল কলেজ কর্তৃকক্ষকে এখানকার শিক্ষার্থীদের উত্থাপিত ১০ দফা দাবি পূরণ ও নেপালিজ শিক্ষার্থীদের উত্থাপিত ৪ দাবির তিনটির দ্রুত বাস্তবায়ন।

আন্দোলনে অংশ নেওয়া শমরিতা মেডিক্যাল কলেজের নেপালি শিক্ষার্থী পুরুষোত্তম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা কিছু দাবি নিয়ে আন্দোলন করেছিলাম। স্যাররা আমাদের কথা শুনেছেন। সব দাবি পূরণ হয়নি। এখন আমরা আমাদের ক্যাম্পাসে ফিরে যাচ্ছি।’

পাইওনিয়ার ডেন্টাল কলেজের একজন কর্মকর্তা জানান, শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীদের কয়েকজন প্রতিনিধিকে সিসিটিভি ফুটেজ দেখানো হয়েছে। যাতে কিছু ছিল না।

কলেজ হোস্টেলে বিদেশি শিক্ষার্থীর মৃত্যু ও আন্দোলনের বিষয়ে শুক্রবার রাতে পাইওনিয়ার ডেন্টাল কলেজের চেয়ারম্যান ডা. রাকিবুল হাসানের সঙ্গে কথা হয় এ প্রতিবেদকের। তিনি বলেন, শিক্ষার্থী মৃত্যুর ঘটনা খুবই দুঃখজনক। আমাদের হোস্টেলে শিক্ষার্থীর ঝুলন্ত লাশ পাওয়ার পর থেকে বিষয়টি পুলিশ দেখভাল করছে। আমরা তাদের সহযোগিতা করছি। সুরতহালসহ অন্যান্য আইনি প্রক্রিয়া যা আছে, সেগুলো তারাই করছে। লাশ ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে রাখা হয়েছে। লিগ্যাল ডকুমেন্ট তৈরি হওয়ার পর লাশ তার ভাইয়ের কাছে হস্তান্তর করা হবে। ’

শিক্ষার্থীদের আন্দোলন প্রসঙ্গে চেয়ারম্যান বলেন, ‘ছাত্ররা আন্দোলন করবে, তাদের দাবি জানাবে। সেটাকে স্বাগত জানাই। কিন্তু এ ঘটনায় ইন্ধন দিয়ে বাড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এখানে আন্দোলন করার মতো কিছু হয়নি। গত ২৪ বছর ধরে এ কলেজে শিক্ষার্থীরা পড়াশোনা করছে। কিন্তু বিদেশি শিক্ষার্থী মারা যাওয়ার পর একটা ইস্যু তৈরি করে কলেজকে অস্থিতিশীল করার চেষ্টা হচ্ছে। এটা নিয়ন্ত্রণ করতে আমরা ক্যাম্পাসে ক্লাস পরীক্ষা সাময়িক বন্ধ রেখেছি।’

কবে নাগাদ আবার ক্লাস-পরীক্ষা শুরু হবে এমন প্রশ্নে চেয়ারম্যান রাকিবুল হাসান বলেন, ‘পরিস্থিতি এখন অনেকটা স্বাভাবিক। ওই শিক্ষার্থীর মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়াও শেষের পথে। চলতি সপ্তাহেই ক্যাম্পাস খুলে দেওয়া হবে।’

 

 

/আরজে/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম