আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম বলেছেন, বাংলাদেশে আর কোনও অপশক্তি যাতে ক্ষমতায় আসতে না পারে, সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে।
শনিবার (২৩ ডিসেম্বর) গোপালগঞ্জ এস. এম. মডেল সরকারি হাই স্কুলের ১৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সাবেক ছাত্রদের দ্বিতীয় পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
স্কুল মাঠে এক্স মডেল স্কুল স্টুডেন্টস অ্যাসোসিয়েশন দিনব্যাপী এই অনুষ্ঠানের আয়োজন করে।
শেখ সেলিম বলেন, ‘স্বাধীনতার পরাজিত শক্তি সব সময় ষড়যন্ত্র করে চলছে। সব ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।’
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ, গোপালগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অ্যাডভোকেট মোল্লা মো. আবু কাওছার প্রমুখ বক্তব্য রাখেন।
শেখ সেলিম বলেন, ‘জিয়াউর রহমান বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকায় তাকে রক্ষা করার জন্য ইনডেমনিটি অধ্যাদেশ জারি করা হয়েছিল। যুদ্ধাপরাধীদের বিচার বঙ্গবন্ধু শুরু করে ছিলেন। তাদের বিচার বন্ধ করে দিয়েছিল জিয়াউর রহমান।’
অনুষ্ঠানের প্রথম পর্বে বেলা ১১টায় স্কুল প্রাঙ্গণ থেকে প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। বিকালে লাঠিখেলা, সন্ধ্যায় মনোজ্ঞ আতশবাজির প্রদর্শনী ও রাতে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সূত্র: বাসস








