রিপাবলিক অব মালিতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত কন্টিনজেন্ট প্রতিস্থাপন করেছে বাংলাদেশ বিমানবাহিনী। প্রতিস্থাপক হিসেবে বাহিনীর ১১০ জন সদস্য রবিবার (২৪ ডিসেম্বর) মালির উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।
বিমানবাহিনীর এই কন্টিনজেন্টের নেতৃত্বে আছেন গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ মঈনুদ্দীন। সহকারী বিমানবাহিনী প্রধান (পরিচালন ও প্রশিক্ষণ) এয়ার ভাইস মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাতসহ বিমানবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা বিমানবন্দরে উপস্থিত থেকে তাদের বিদায় জানান।
এর আগে ১৯ ডিসেম্বর বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল আবু এসরার মালিগামী বিমানবাহিনীর কন্টিনজেন্ট সদস্যদের উদ্দেশে তেজগাঁও পুরাতন বিমানবন্দর ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর ওভারসিজ অপারেশন ডেপ্লয়মেন্ট সেলে ব্রিফিং প্রদান করেন এবং মিশনের সাফল্য কামনা করেন।
মালিতে সংঘাত নিরসনে বিমানবাহিনীর সদস্যরা দক্ষতা, পেশাদারিত্ব এবং আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে সে দেশের সরকার এবং জনসাধারণের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছেন।








