রাজধানীর ওয়ারীতে ডাকাতির চেষ্টাকালে পুলিশের গুলিতে দুই ডাকাত আহ্ত হয়েছে। ডাকাতির আগ মুহূর্তে তারা গুলিবিদ্ধ হয় বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ওয়ারী বিভাগের উপকমিশনার (ডিসি) মোহাম্মেদ ফরিদ উদ্দিন।
পুলিশ জানিয়েছে, ডাকাতির প্রস্তুতিকালে পুলিশ ধাওয়া করলে ডাকাতরা পাল্টা গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও শর্ট গান থেকে গুলি ছোড়ে। এ সময় স্বপন ও শাহ আলম নামের দুই ডাকাতের পায়ে জখম হয়। তাদের ঢাকার পঙ্গু হাসপাতালে নেওয়া হয়েছে।
ঘটনাস্থল থেকে আমির হোসেন নামের এক ডাকাতকে আটক করা হয়েছে। ডাকাতদের কাছ থেকে একটি ৭ দশমিক ৬৫ এমএম অটোমেটিক পিস্তল, দুই রাউন্ড বুলেট, তিনটি ধারালো ছুরি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।








