সেনাবাহিনীর প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হকের সঙ্গে সফররত কুয়েতের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ খালেদ আল খাদের মঙ্গলবার (২ জানুয়ারি) সেনাবাহিনীর সদর দফতরে সৌজন্য সাক্ষাৎ করেন।
আইএসপিআর জানায়, সাক্ষাৎকালে দু’দেশের সেনা প্রধান পারস্পরিক কুশলাদি বিনিময় ছাড়াও দু’দেশের সেনাবাহিনীর বিদ্যমান প্রশিক্ষণ ও পেশাগত বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। কুয়েত সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ এর আগে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধে শাহাদত বরণকারী সশস্ত্র বাহিনীর বীর সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এরপর সেনাকুঞ্জে তাকে সেনাবাহিনীর একটি চৌকস দল ‘গার্ড অব অনার’ প্রদান করে। গার্ড অব অনার শেষে সেনাকুঞ্জ এলাকায় তিনি বৃক্ষরোপণ করেন।
কুয়েতের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ ছাড়াও প্রতিনিধি দলে রয়েছেন কুয়েত আর্মড ফোর্সের মিলিটারি এডুকেশন ডিপার্টমেন্টের প্রধান মেজর জেনারেল আনোয়ার জাসিম আল মাজিদি, কুয়েত নেভাল ফোর্সের কমান্ডার মেজর জেনারেল খালেদ আহমেদ আব্দুল্লাহ এবং মুবারক আল আব্দুলাহ, জয়েন্ট কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের কমান্ড্যান্ট মেজর জেনারেল আব্দুল্লাহ আবদুস সামাদ দাস্তি। সফরকালে প্রতিনিধি দলটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
কুয়েতের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফের নেতৃত্বে ১০ সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল কুয়েতের একটি বিশেষ বিমানযোগে সোমবার (১ জানুয়ারি) ঢাকা এসে পৌঁছায়। সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল মেজর জেনারেল এস এম মতিউর রহমান প্রতিনিধিদলকে অভ্যর্থনা জানান।
এছাড়া, সফরকালে প্রতিনিধি দলের সদস্যরা বিভিন্ন সামরিক-বেসামরিক স্থাপনা ও প্রতিষ্ঠান পরিদর্শন করবেন। পাঁচ দিনের রাষ্ট্রীয় সফর শেষে আগামী পাঁচ জানুয়ারি নিজ দেশে ফিরে যাওয়ার কথা রয়েছে প্রতিনিধিদলটির ।








