নিখোঁজের একদিন পর রাজধানী ফকিরাপুল থেকে একটি বেসরকারি প্রতিষ্ঠানের মার্কেটিং অফিসার বিশ্বজিৎ দে জয়কে (৪৬) উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বিকাল সাড়ে ৪ টার দিকে ফকিরাপুলের জোনাকি হোটেল থেকে তাকে উদ্ধার করা হয়। রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে সোমবার (১ জানুয়ারি) সকালে অফিসের উদ্দেশে বের হওয়ার পর তার আর খোঁজ পাওয়া যায়নি।
জয়ন্ত কুমার দে বলেন, ‘র্যাব, পুলিশ আমাদের সহায়তা করেছে। মোবাইল ট্রাকিং করে তার অবস্থান নিশ্চিত হয় পুলিশ। এরপর ফকিরাপুল এলাকায় আমরা সবাই মিলে খোঁজ করি। এ সময় আমরা আবাসিক জোনাকি হোটেলের ২১১ নম্বর কক্ষে তাকে পাই। তিনি গতকাল ওই হোটেলে উঠেছিলেন। হোটেলে ৬০০ টাকা পরিশোধ করা হয়েছে। আমরা তাকে বাসায় নিয়ে এসেছি।’ তিনি বলেন, ‘বর্তমানে তিনি সুস্থ। তবে আমরা ধারণা করছি, তিনি মাদক সেবন করেন। তার চিকিৎসার দরকার। এছাড়া তার পারিবারিক ঝামেলা রয়েছে।’
এ বিষয়ে রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল ইসলাম জানান, ‘বিশ্বজিৎ সোমবার সকালে তার কাকরাইলের ৮৪/৭ নম্বর বাসা থেকে বের হন। তিনি বেইলি রোডে তার অফিস যাওয়ার কথা বলে বের হয়েছিলেন। এরপর তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরবর্তী সময়ে তার ভগ্নিপতি রমনা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। আমরা তদন্ত শুরু করি। আমরা প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে তাকে উদ্ধার করতে সক্ষম হয়েছি।’
বিশ্বজিৎ দে রাজধানীর কাকরাইলে পরিবারের সঙ্গে থাকেন। তার গ্রামের বাড়ি সিলেটে।








