সাভারের রানা প্লাজা মালিকের বিরুদ্ধে সাভার মডেল থানায় দায়ের করা ইমারত নির্মাণ আইনের মামলায় হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেছেন আসামি সোহেল রানা। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) এ আবেদনের বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন রানার আইনজীবী মো. সাজ্জাদ আলী চৌধুরী।
সাজ্জাদ আলী চৌধুরী বলেন, ‘রানার বিরুদ্ধে দায়ের করা ছয়টি মামলার মধ্যে তিনটিতে জামিন পেয়েছেন। বাকি তিনটি মামলায় এখনও জামিন হয়নি। তবে এই মামলায় (ইমারত নির্মাণ আইন, ১৯৫২) যে পরিমাণ সাজা খাটার কথা তা ইতোমধ্যে তিনি জেলে খেটেছেন। তাই এ কারণে আমরা তার জামিন চেয়ে আবেদন করেছি।’
আবেদনটি শুনানির জন্য এখনও কার্য তালিকায় আসেনি। তবে চলতি সপ্তাহে বিচারপতি আব্দুল আউয়ালের বেঞ্চে এর ওপর শুনানি হতে পারে বলে জানিয়েছেন এই আইনজীবী।








